০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা ‘১৫০ জনের মতো’

ইরানের দাবি, তাদের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক বাহিনীর ২০০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে।

ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা ‘১৫০ জনের মতো’
ইসরায়েলি বিমান হামলায় ইরানের একটি তেল ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরানের কুহসার বুলেভার্ডে আগুন জ্বলছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 01:02 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ইরানের সঙ্গে ১০ দিনের যুদ্ধে ১৫০ জনের মতো মার্কিন সেনা আহত হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন।

মঙ্গলবারের আগে এই নিয়ে আরও কোনো খবর হয়নি বলে দাবি রয়টার্সের। তবে এর আগে পেন্টাগন শুধু জানিয়েছিল, এই যুদ্ধে আট মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে।  

রয়টার্স এই খবর প্রকাশের পর এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জনের মতো আর তাদের অধিকাংশের আঘাত তেমন গুরুতর নয়। 

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, “এপিক ফিউরি অভিযান শুরুর পর থেকে ১০ দিন ধরে লাগাতার আক্রমণের মধ্যে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছে।”  

তিনি জানান, আহতদের মধ্যে ১০৮ জন সেনা ইতোমধ্যে দায়িত্বে ফিরে গেছেন। আর গুরুতর আহত আট সেনা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সেবা পাচ্ছেন।

রয়টার্স এই সেনাদের জখমের ধরন সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। বিস্ফোরণের ধাক্কায় সাধারণত মস্তিষ্কে যে ধরনের জখম হয় আহতদের মধ্যে এ ধরনের কেউ আছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। 

২৮ ফেব্রুয়ারি সকাল থেকে ইরানে হামলা শুরু করে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যস্থল করে পাল্টা হামলা শুরু করে ইরানি বাহিনী। তারা উপসাগরীয় আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন, হোটেল, বিমানবন্দর ও তেল অবকাঠামোগুলোতে আঘাত হেনে সেগুলো ক্ষতিগ্রস্ত করে।   

পেন্টাগন দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের অস্ত্রাগারগুলোতে ও ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে মার্কিন বাহিনী বোমাবর্ষণ করায় ইরানি হামলার সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। 

মার্কিন সামরিক বাহিনী যুদ্ধ শুরুর সময় যেমনটি প্রত্যাশা করেছিল ইরান তার চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ কি না, এমন প্রশ্নে বাহিনীটির জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন মঙ্গলবার জানান, যুদ্ধটি প্রত্যাশার চেয়ে বেশি কঠিন না।

পেন্টাগনের এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমার মনে হয়, তারা লড়াই করছে। আমি এটাকে শ্রদ্ধা করি। কিন্তু আমি মনে করি না আমরা যা ভেবেছিলাম তার চেয়ে তারা বেশি শক্তিশালী।” 

ইরান দাবি করেছে, তাদের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক বাহিনীর ২০০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে। 

আরও পড়ুন: 

ইরানের আঘাতে মার্কিন বাহিনীর দুইশর বেশি হতাহত: ইরানি মুখপাত্র