Published : 08 Jan 2025, 08:07 PM
‘বল প্রয়োগ’ করে গ্রিনল্যান্ড নিতে চাওয়ার কথা বলে ফ্রান্সের কড়া হুঁশিয়ারির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার ইচ্ছা বারবারই প্রকাশ করে আসছেন ট্রাম্প। তবে প্রতিবারই তিনি প্রত্যাখ্যাত হচ্ছেন। এই প্রত্যাখ্যানের মুখে ইদানিং গ্রিনল্যান্ড দখলে নিতে কড়া হুমকি-ধামকি দেওয়া শুরু করেছেন তিনি।
মঙ্গলবার ট্রাম্প গ্রিনল্যান্ড দিতে না চাইলে ডেনমার্কের ওপর খুবই চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এমনকি প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড নিয়ে নেওয়ার সম্ভাাবনাও তিনি নাকচ করেননি।
এরই প্রতিক্রিয়ায় এবার ট্রাম্পকে কড়া সতর্কবার্তা দিলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো।
‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা জানায়, বুধবার ফ্রান্সের ইন্টার রেডিওতে নোয়েল বলেছেন, “ইউরোপীয় ইউনিয়ন নিজেদের সার্বভৌম সীমান্তে বিশ্বের অন্য কোনও দেশকে আক্রমণ করতে দেওয়ার কোনও প্রশ্নই নেই… সে যেই হোক না কেন।”
“আমরা একটি শক্তিশালী মহাদেশ। আমাদের নিজেদেরকে আরও শক্তিশালী করা প্রয়োজন”, বলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। গ্রিনল্যান্ডকে ‘ইউরোপীয় অঞ্চল’ বলে বর্ণনা করেছেন নোয়েল ব্যোরো।
তিনি বলেন, ডেনমার্কের মধ্য দিয়ে গ্রিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জড়িয়ে আছে। দ্বীপদেশটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল।
৫৭,০০০ জনসংখ্যার দেশ গ্রিনল্যান্ডে স্বায়ত্তশাসন থাকলেও ডেনমার্কের ভর্তুকির ওপর দেশটি ব্যাপকভাবে নির্ভরশীল। তাই স্বায়ত্তশাসিত হলেও ডেনমার্ক কিংডমের একটি অংশ হিসাবে রয়ে গেছে গ্রিনল্যান্ড।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া জরুরি বলে মনে করেন ট্রাম্প। তাই তিনি এই দ্বীপ দেশটি কেনার ইচ্ছা প্রকাশ করে আসছেন।
মঙ্গলবার ফ্লোরিডায় মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক শক্তি প্রয়োগ করবেন না বলে বিশ্বকে আশ্বস্ত করতে চান কি না। উত্তরে ট্রাম্প সামরিক ব্যবস্থা না নেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না বলে জানান।