১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নেপালের বন্যায় কোন দেশের কতজন নিখোঁজ

নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ৫১৭ জন বিদেশি নাগরিকসহ অন্তত ৯১০ জন নিখোঁজ রয়েছেন।

নেপালের বন্যায় কোন দেশের কতজন নিখোঁজ
নেপালের গালছিতে আকস্মিক বন্যার পর মানুষ একটি ভাঙা সেতুর প্রান্তে দাঁড়িয়ে আছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 05:44 PM

Updated : 16 Sep 2026, 01:01 PM

নেপালের ভয়াবহ বন্যায় অন্তত ৩৩২ জন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৫০ মিনিটে জানিয়েছে তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে নেপাল পুলিশ। একই বন্যায় চীনের তিব্বত অংশে অন্তত তিনজনের মৃত্যুর কথা জানা গেছে। 

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি মোকাবেলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ৫১৭ জন বিদেশি নাগরিকসহ অন্তত ৯১০ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে নেপালের সেনাবাহিনীর ৪৪ জন সদস্য ও নেপাল পুলিশের ২৮ জন কর্মকর্তা রয়েছেন। তিব্বতে আরও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। 

বৃহস্পতিবার নেপালের পর্যটন কর্মকর্তারা জানান, বুধবারের হড়পা বানের তাণ্ডবে ৫৭০ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ৩৩টি দেশের ৫১৭ জন বিদেশি পর্যটক আছেন।  

চীনের সিসিটিভি জানিয়েছে, তিব্বতে নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। 

কোনো দেশের কতোজন নাগরিক ও পর্যটক নিখোঁজ রয়েছেন তা রয়টার্স ও বিবিসির তথ্যে বরাতে তুলে ধরা হল। 

ভারত: বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে তাদের দেশের অন্তত ২৮৮ জন নাগরিক নিখোঁজ আর তিব্বতে আটকা পড়ে আছেন আরও ২০০ জন। নেপালে নিখোঁজদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। নিখোঁজ ২৮৮ জনের মধ্যে পর্যটকদের পাশাপাশি নেপালে কর্মরত ভারতীয়রাও রয়েছেন।   

যুক্তরাষ্ট্র: নেপালে ৬৫ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন বলে হিমালয় অঞ্চলের দেশটির পর্যটন বোর্ড জানিয়েছে।  

মালয়েশিয়া:  বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাঠমান্ডুর মালয়েশিয়া দূতাবাসের তালিকাভুক্ত অন্তত ৫৫ জন নাগরিকের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না। নেপালের পর্যটন বোর্ড নিখোঁজ মালয়েশীয়দের সংখ্যা ৫১ জন বলে জানিয়েছে।  

ইউক্রেইন: এই বন্যায় ইউক্রেইনের ৫৩ জন নাগরিক নিখোঁজ হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নেপাল: নেপালের ৫৩ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। 

অস্ট্রেলিয়া: নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, দেশটিতে নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা ৩৫ জন। 

যুক্তরাজ্য: নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, এই বিপর্যয়ের পর থেকে ৩৩ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। 

কানাডা:  নেপালে ২৫ জন কানাডীয় নিখোঁজ রয়েছেন। 

দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের এক জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত তাদের ৯ নাগরিক নিখোঁজ এবং আরও ১০ জন আটকা পড়ে আছেন। 

সিঙ্গাপুর: নেপালে নিখোঁজ সিঙ্গাপুরের নাগরিকের সংখ্যাও ৯ জন।

জার্মানি: নিখোঁজদের মধ্যে জার্মানির নাগরিক অন্তত আটজন বলে নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে।   

রাশিয়া: প্রাকৃতিক এই দুর্যোগে রাশিয়ার আটজন নাগরিক নিখোঁজ হয়েছেন। 

দক্ষিণ আফ্রিকা: নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর থেকে ছয় দক্ষিণ আফ্রিকান নিখোঁজ রয়েছেন।

লাটভিয়া: নিখোঁজদের মধ্যে লাটভিয়ার ছয় নাগরিক আছে। 

জাপান: জাপানের প্রধানমন্ত্রী এক্স এ এক পোস্টে জানিয়েছেন, নেপালে তাদের দূতাবাসকে যোগাযোগ করা যাচ্ছে না এমন পাঁচ নাগরিককে খুঁজতে বলা হয়েছে। 

এছাড়া বুধবার থেকে নিখোঁজদের মধ্যে বেলারুশ, বেলজিয়াম, বুলগেরিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, কাজাখস্তান, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, ফিলিপিন্স, পর্তুগাল, স্পেন, সার্বিয়া, সুইজারল্যান্ড ও সুইডেনের নাগরিকও রয়েছেন বলে নেপালের পর্যটন বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে। 

আরও পড়ুন:

নেপালে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ২৮৯

নেপালের বন্যায় চীনের বাঁধ ও আগাম সতর্কতা নিয়ে বিতর্কযা বলছে বেইজিং

নেপালের বন্যাদুর্গত এলাকাগুলো ৩ মাসের জন্য 'দুর্যোগকবলিত অঞ্চলঘোষণা

নেপালের ভয়াবহ বন্যাহিমবাহ ধসেই কি বিপর্যয়ের শুরু?