২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩ বছর বয়সেই অনলিফ্যানস কর্ণধার রাদভিনস্কির মৃত্যু

সাইটে কন্টেন্ট হোস্ট করার জন্য অনলিফ্যানস সব পেমেন্টে ২০ শতাংশ কমিশন নেয়।

৪৩ বছর বয়সেই অনলিফ্যানস কর্ণধার রাদভিনস্কির মৃত্যু
লিওনিদ রাদভিনস্কি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 12:11 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

অনলাইন পর্ন ব্যবসায় রীতিমত বিপ্লব ঘটানো ওয়েবসাইট অনলিফ্যানসের কর্ণধার লিওনিদ রাদভিনস্কি মারা গেছেন; তার বয়স হয়েছিল ৪৩ বছর। 

বিবিসি লিখেছে, ইউক্রেইনে জন্মগ্রহণকারী রাদভিনস্কি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। তিনি ২০১৮ সালে যুক্তরাজ্যভিত্তিক দুই প্রতিষ্ঠাতার কাছ থেকে অনলিফ্যানস কিনে নেন। 

কোভিড মহামারীর সময় সাইটটির জনপ্রিয়তা বেড়ে যায় এবং মাত্র তিন বছর বাদে ফোর্বস ম্যাগাজিনে শীর্ষ ধনীদের বার্ষিক তালিকায় স্থান পান লিওনিদ রাদভিনস্কি।

অনলিফ্যানস এক বিবৃতিতে বলেছে, “ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তিনি শান্তিতে প্রয়াত হয়েছেন।”

২০১৬ সালে প্রতিষ্ঠিত অনলিফ্যানস হল একটি সোশাল মিডিয়া প্লাটফর্ম, যেখানে ক্রিয়েটররা ভিডিও ও ছবি পোস্ট করতে পারেন এবং সাবস্ক্রাইবারদের কাছ থেকে টিপস বা মাসিক ফি নিতে পারেন।

ক্রিয়েটররা রান্না থেকে শুরু করে ফিটনেস—নানা ধরনের কন্টেন্ট শেয়ার করেন; তবে সাইটটির পরিচিতি মূলত পর্নগ্রাফির জন্য। লাইভস্ট্রিম, ব্যক্তিগত বার্তা এবং পছন্দের ছবি ও ভিডিওর চাহিদা সরাসরি জানানোর মাধ্যমে ফ্যান ও ক্রিয়েটরদের মধ্যে সংযোগ স্থাপনে সাইটটি উৎসাহিত করে।

সাইটে কন্টেন্ট হোস্ট করার জন্য অনলিফ্যানস সব পেমেন্টে ২০ শতাংশ কমিশন নেয়।

বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ কোম্পানি ২০২৪ সালে ৭ বিলিয়নের বেশি লেনদেন থেকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করে। সে সময় তাদের সাবস্ক্রাইবার ছিল ৩৭৭ মিলিয়নের বেশি। সে বছরে প্রায় ৪ দশমিক ৬ মিলিয়ন ক্রিয়েটর সাইটে পোস্ট করছিলেন।

প্রাপ্তবয়স্ক কন্টেন্টের কারণে অনলিফ্যানসের জনপ্রিয়তা ও ব্যবসার রাতারাতি প্রবৃদ্ধির বিষয়টি আইনপ্রণেতা ও নিয়ন্ত্রকদেরও নজরে আসে।

বিবিসি লিখেছে, সাইটটিতে শিশুদের পর্ন দেখার সুযোগ ছিল কি না, তা নিয়ে ২০২৪ সালে তদন্ত শুরু করে ব্রিটিশ নিয়ন্ত্রকরা। তখন কোম্পানির তরফে প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করা হয়েছিল।

নিয়ন্ত্রক সংস্থা অফকম শেষ পর্যন্ত তদন্তে ইতি টানে, তবে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের জন্য নেওয়া পদক্ষেপের বিষয়ে তথ্য ঠিকভাবে সরবরাহে ব্যর্থ হওয়ায় অনলিফ্যানসকে প্রায় ১ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়। ব্রিটিশ আইনে এ ধরনের কন্টেন্ট আঠারোর কম বয়সীদের দেখতে পারার কথা নয়।

কয়েক বছর আগে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে শিশুর ওপর যৌন নির্যাতনসহ অবৈধ কন্টেন্ট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ করা হয়েছিল।

কন্টেন্ট নিয়ে বেড়ে চলা চাপ ও নজরদারির মধ্যে অনলিফ্যানস ২০২১ সালের অগাস্টে অ্যাডাল্ট কন্টেন্ট বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করে। তবে ব্যবহারকারী ও অ্যাডাল্ট পারফর্মারদের তীব্র বিরোধের কারণে কয়েক দিনের মধ্যে পিছু হটে তারা।

অনলিফ্যানসকে ব্যবহারকারীদের সঙ্গেও আইনি লড়াই করতে হচ্ছে; বিশেষ করে যারা মনে করেছিলেন তারা কোম্পানির ক্রিয়েটরের সঙ্গে চ্যাট করছেন, কিন্তু আসলে সেই আলাপচারিতা হত কম মজুরি পাওয়া তৃতীয় পক্ষের মাধ্যমে। এই মামলাগুলোর এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি।

রাদভিনস্কি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক। তার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সবশেষ তিনি ফ্লোরিডায় বসবাস করতেন। ফোর্বসের ধারণা, তার সম্পদের পরিমাণ ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের মত।

গত বছর অনলিফ্যানস বিক্রির সম্ভাব্য দর যাচাই করেছিলেন রাদভিনস্কি।অনলিফ্যানসের পাশাপাশি তিনি ফ্লোরিডাভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি লিও ডটকমের মাধ্যমে প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। 

তার দাতব্য কার্যক্রমে মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারের দানও অন্তর্ভুক্ত ছিল।