১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

গাজায় অভিযান জোরদার করার অঙ্গীকার নেতানিয়াহুর

গাজা সফরে ইসরায়েলের সেনাদের সঙ্গে দেখা করে আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী তার দলীয় বৈঠকে আগামী দিনগুলোতে লড়াই আরও জোরদার করা হবে বলে জানান।

গাজায় অভিযান জোরদার করার অঙ্গীকার নেতানিয়াহুর

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 11:06 PM

Updated : 25 Dec 2023, 11:07 PM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী দিনগুলোতে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান আরও জোরদার করবে।

নিজদলের সদস্যদেরকে নেতানিয়াহু বলেছেন, সোমবার সকালে তিনি গাজা সফর করে এসেছেন। সেখানে ইসরায়েলের সামরিক অভিযান শেষ হওয়ার দ্বারপ্রান্তে এখনও পৌঁছায়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গাজায় ইসরায়েলের বিমান হামলা কমানো উচিত বলে মন্তব্য করার কয়েকদিনের মাথায়ই নেতানিয়াহু সেখানে অভিযান জোরদার করার এই সিদ্ধান্ত জানালেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ১২০০ জন নিহত এবং ২৪০ জন জিম্মি হওয়ার পর থেকে দু’পক্ষের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দুই মাস পেরিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৭৪ জনে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও লাখো মানুষ।

নেতানিয়াহু হামাসকে ধ্বংস করে ইসরায়েলি জিম্মিদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।

বিবিসি জানায়, সোমবার নেতানিয়াহু তার লিকুদ পার্টির বৈঠকে বলেছেন, গাজায় তিনি সেনাদের সঙ্গে দেখা করার পর সেনারা তার কাছে ইসরায়েলের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

নেতানিয়াহু বলেন, “তারা কেবল আমাকে একটি অনুরোধই জানিয়েছে। আর তা হচ্ছে আমরা যাতে থেমে না যাই। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাই। সুতরাং, আমরা থামব না। আগামী দিনগুলোতে আমরা আরও জোর লড়াই চালাব। এ হবে এক দীর্ঘ লড়াই। এটি শেষ পর্যায়ে নেই।”