২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটো’র ‘ভুল বশত’ হামলায় ৮ আফগান সেনা নিহত

নেটো বাহিনীর ‘ভুল বশত’ করা বিমান হামলায় অন্তত আট জন আফগান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Jul 2015, 07:56 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

রাজধানী কাবুলে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলা হয়, আন্তর্জাতিক জোট ঘটনাটি তদন্ত করে দেখছে।

গত বছর আফগানিস্তান থেকে বেশির ভাগ বিদেশি সেনা তুলে নেওয়া হলেও মার্কিন যুদ্ধ বিমান এবং চালক বিহীন বিমান এখনও দেশটির তালেবান এবং অন্যান্য জঙ্গিদের ওপর হামলা চালাচ্ছে।

আফগানিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সোমবার খুব ভোরে কাবুলের দক্ষিণে লোগার প্রদেশের বারাকি বারাক জেলায় বিমান হামলা চালানো হয়। ওই এলাকায় অবস্থান করা আফগান বাহিনীর উপর প্রায়ই তালেবান জঙ্গিরা হামলা চালায়।

লোগারে আফগান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, “দেখে মনে হচ্ছে, ভুল বশত আমাদের সেনাবাহিনীর উপর হামলা চালানো হয়েছে। ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো সেটা তদন্ত করে দেখা হচ্ছে।”

পরে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ওই এলাকায় শত্রুরা আক্রমণ করেছে এমন খবর পেয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর দুইটি হেলিকপ্টার সেখানে যায় এবং ভুল করে আমাদের একটি সেনা পোস্টে হামলা চালায়।”