২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধের বার্তা পাঠিয়েছিল টেনেসির হামলাকারী

যুক্তরাষ্ট্রের টেনেসিতে পাঁচ মেরিন সেনাকে গুলি করে হত্যার আগের রাতে ‘যুদ্ধ ঘোষণা’ করে একটি বার্তা পাঠিয়েছিলেন বন্দুকধারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 08:28 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মোহাম্মদ ইউসুফ আব্দুলআজিজ তার এক বন্ধুকে ওই ম্যাসেজ পাঠিয়েছিলেন। এটি হাদিসের একটি অংশ।

ম্যাসেজে লেখা ছিল, “যদি কেউ আমার কোন বন্ধুর প্রতি শত্রুতার মনভাব দেখায় তবে আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।”

নাম প্রকাশ না করার শর্তে আব্দুলআজিজের ওই বন্ধু রয়টার্সকে বলেন, ওই সময় তিনি বার্তাটি নিয়ে একদম মাথা ঘামাননি।

“কিন্তু এখন মনে হচ্ছে, ওটা হয়ত আসন্ন হামলার কোন ইঙ্গিত ছিল।”

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান সংঘর্ষ নিয়েও বন্ধুদের কাছে নিজের ক্ষোভ প্রকাশ করতেন আব্দুলআজিজ। তার অন্য বন্ধুরা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংঘর্ষ নিয়ে প্রায় সময়ই নিজের ক্ষোভ প্রকাশ করতেন আব্দুলআজিজ।

গত বছর তিনি জর্ডান ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ এবং সিরিয়ায় গৃহযুদ্ধ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

এক বন্ধু বলেন, “সে সবসময়ই মধ্যপ্রাচ্যে সংঘর্ষ নিয়ে কথা বলত। কিন্তু আমার মনে হয়েছে, জর্ডান থেকে ফেরার পর ওই বিষয়ে তার আগ্রহ এবং উদ্বোগ অগের তুলনায় অনেক বেড়ে গিয়েছিল।”

বন্ধুরা জানায়, জর্ডান থেকে ফেরার পর আব্দুলআজিজ অনলাইনে তিনটি আগ্নেয়াস্ত্র ক্রয় করেন এবং সে নিয়মিত সেগুলো দিয়ে লক্ষ্যভেদের অনুশীলন করতেন। 

তবে ঠিক কি কারণে আব্দুলআজিজ এই হত্যাকাণ্ড চালান তা এখনও তদন্তনাধীন বলে জানিয়েছে পুলিশ।  

বৃহস্পতিবার টেনেসির চ্যাটানুগায় নৌবাহিনীর দুটি ভবনে হামলা চালিয়ে ৪ মেরিন সেনাকে হত্যা করেন আব্দুলআজিজ। এ ঘটনায় অন্তত তিন জন আহত হয়।পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুলআজিজ মারা যান। এছাড়া আহত একজন নৌসেনা শনিবার মারা যায়।

আব্দুলআজিজের পরিবার জানায়, সে অবসাদে ভুগছিল। “যে ব্যক্তি এই ভয়ঙ্কর অপরাধ করেছে তার সঙ্গে আমরা আমাদের চেনা এবং প্রিয় পুত্রকে মেলাতে পারছি না।”

“আমাদের পুত্র অনেক বছর ধরেই অবসাদে ভুগছে। আমাদের এটা বিশ্বাস করতে কষ্টে হচ্ছে যে, এরকম সহিংস কাণ্ডের মাধ্যমে সে তার নিজের কষ্টের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।”  

এফবিআই এজেন্ট ইডি রেইনহোল্ড বলেন, “বন্দুকধারী কেন এমন করেছে বা সে কি করতো সেটা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি।”

“বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত তদন্ত করছি। সে এই কাণ্ড নিজে থেকেই করেছে নাকি কেউ তাকে উৎসাহিত করেছে নাকি সে কারও নির্দেশে এটা করেছে আমরা সেটা খুঁজে বের করার চেষ্টা করছি।”