ড্রোন, কাশ্মীর সংঘর্ষে ফের পাক-ভারত উত্তেজনা
পাকিস্তান ভারতীয় গোয়েন্দা বিমান ভূপাতিত করার পর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দু’দেশের মধ্যে গুলিবিনিময়ে অন্তত ৫ বেসামরিক নাগরিকের মৃত্যুর মধ্য দিয়ে পাক-ভারত সম্পর্কে ফের উত্তেজনা দেখা দিয়েছে।
রাশিয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের একদিন পর এ ঘটনা ঘটল। পাকিস্তান গুলি ছুড়তে উস্কানি দেয়ার জন্য ভারতকে দোষারোপ করেছে বলে জানিয়েছে বিবিসি।
পাকিস্তানের সেনাবাহিনী জানায়, বুধবার সকালে শিয়ালকোট অঞ্চলের বিতর্কিত সীমান্তে ভারতের সেনারা গুলি চালায়। এতে চার জন বেসামরিক নাগরিক নিহত হয়। নিহতদের মধ্যে ১৮ বছর বয়সী একজন তরুণীও রয়েছে। এছাড়া, আরো ৫জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
ওদিকে, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর দাবি, বুধবার পাকিস্তানের সেনারা পারগোয়াল এলাকার সীমান্তবর্তী একটি গ্রামে গোলা নিক্ষেপ করে। এতে একজন নারী নিহত এবং তিন জন বেসামরিক নাগরিক আহত হয়।
এর আগে কাশ্মীরে ভারতের একটি গোয়েন্দা ড্রোন (চালকবিহীন বিমান) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান নিয়ন্ত্রিত সীমানার কাছে বুধবার ভারতের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের সেনারা। ড্রোনটি আকাশ থেকে ছবি তোলার কাজে ব্যবহার করা হয়।”
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পাকিস্তান সরকার ইসলামাবাদে অবস্থানরত ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে এবং আকাশসীমা লঙ্ঘনের কারণ ব্যাখ্যা করতে বলেছে।
তবে ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনী তাদের কোন ড্রোন পাকিস্তানে ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে।
ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রই হিমালয় অঞ্চলের সীমান্তবর্তী ভিমবার এলাকা নিজেদের বলে দাবি করে। এলাকাটিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রায়ই গোলাগুলি হয়।
আগামী বছর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ইসলামাবাদে। সম্মেলনে অংশ নেয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। মোদী নওয়াজের ওই আমন্ত্রণ গ্রহণকরেছেন।
এর মাধ্যমে বৈরী দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
কিন্তু সীমান্তে নতুন করে উত্তেজনা পরিস্থিতি ফের ঘোলাটে করে ফেলছে বলেই মনে করা হচ্ছে।
ভারত-পাকিস্তান সীমান্তে বিশেষ করে কাশ্মীর সীমান্তে প্রায়ই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে এবং উভয় পক্ষ এ জন্য পরষ্পরের দিকে অভিযোগের আঙুল তোলে।
২০০৩ সালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে উভয় দেশরই অভিযোগ প্রতিপক্ষ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে।
