‘মাদক সম্রাট’ গুজমানের পলায়নের সিসিটিভি ফুটেজ
কারাকক্ষ থেকে কুখ্যাত মাদক চোরাকারবারী হোয়াকিন গুজমানের পালিয়ে যাওয়ার আগ মুহূর্তের সিসিটিভি ফুটেজ সম্প্রচার করেছে মেক্সিকো সরকার।
মেক্সিকো সিটির কাছে সুরক্ষিত আল্টিপ্লানো কারগার থেকে শনিবার রাতে চম্পট দেন ‘এল চ্যাপো’ বা ‘পিচ্চি’নামে পরিচিত এ ‘মাদক সম্রাট’।
ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যার দিকে গুজমান বেশ কয়েকবার কারাকক্ষে পায়চারি করেন। এরপর তিনি জুতো পাল্টিয়ে কক্ষের ভেতরে স্নানাগারে প্রবেশ করেন এবং অদৃশ্য হয়ে যান।
পরে তার সেলের মেঝেতে ৩২ ফুট গভীর গর্ত এবং একটি মই খুঁজে পান কারা কর্মকর্তারা।
কারাগারের সেলের নিচ থেকে ওই গর্ত পৌঁছেছে দেড় কিলোমিটার দীর্ঘ এক সুড়ঙ্গে। দেয়ালের পার্টিশন থাকার কারণে এ সৃড়ঙ্গপথে প্রবেশের জন্য তৈরি করা গর্তটি ক্যামেরায় ধরা পড়েনি।
সুড়ঙ্গে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা, এমনকি সিঁড়িও আছে। সুড়ঙ্গটি তৈরি করতে অন্তত এক বছর লেগেছে বলে মনে করেন নিরাপত্তা কর্মকর্তারা। কারাগারের সীমানার বাইরে নির্মাণাধীন একটি এলাকায় গিয়ে শেষ হয়েছে ওই পথ।
A photographer exits a tunnel connected to the Altiplano Federal Penitentiary and used by drug lord Joaquin 'El Chapo' Guzman to escape, in Almoloya de Juarez, on the outskirts of Mexico City, July 14, 2015. Reuters
এ নিয়ে দ্বিতীয়বার জেল থেকে পালিয়েছেন গুজমান।
A photographer exits a tunnel connected to the Altiplano Federal Penitentiary and used by drug lord Joaquin 'El Chapo' Guzman to escape, in Almoloya de Juarez, on the outskirts of Mexico City, July 14, 2015. Reuters
১৯৯৩ সালে গুয়াতেমালায় গ্রেপ্তার হওয়ার পর ২০ বছরের কারাদণ্ড হয় কোটিপতি গুজমানের। ২০০১ সালে প্রথম বার জেল থেকে পালান তিনি। সেবার কাপড়ের ঝুড়িতে লুকিয়ে কারাগার থেকে পালিয়েছিলেন তিনি। কারা কর্মকর্তারা সে সময় ঘুষ পেয়ে চোখ বন্ধ রেখেছিলেন।
গত বছর আবারো গ্রেপ্তার হন গুজমান। এবার তাকে রাখা হয়েছিল সুরক্ষিত আল্টিপ্লানো কারগারে।
মেক্সিকোর শীর্ষ মাদক চোরাচালান চক্র ‘সিনালোয়া’র প্রধান হওয়ার পর অল্প সময়েই কুখ্যাত হয়ে ওঠেন গুজমান, তার নাম চলে আসে যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়। ওই চক্র মূলত যুক্তরাষ্ট্রে কোকেন, মারিজুয়ানা এবং মেথাফেটামিন ধরনের মাদক পাচার করে।
মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল অ্যাঞ্জেল ওসোরিও চং বলেন, নিশ্চিতভাবে এবারও গুজমানের পালানোর সময় কারা কর্মকর্তারা তাকে সাহায্য করেছে।
এঘটনায় আল্টিপ্লানো কারাগারের পরিচালকসহ শীর্ষ পর্যায়ের আরো দুই কারা কর্মকর্তা চাকুরিচ্যুত হয়েছে।
গুজমানকে ধরিয়ে দেয়ার জন্য ৩৮ লাখ মার্কিন ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছে।
২০০১ সালে পালিয়ে যাওয়ার পরও গুজমানের বিষয়ে তথ্য দেয়ার জন্য ৫০ লাখ মার্কিন ডলারের বেশি পুরষ্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
দ্বিতীয়বার গুজমানের জেল পালানোয় উদ্বেগ জানিয়েছে দেশটি। এবারও তাকে ধরতে মেক্সিকোকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লোরেটা ই লিঞ্চ।
বিশ্বের অন্যতম সুসংগঠিত ও শক্তিশালী অপরাধীচক্রের এই নেতার সম্পদের পরিমাণ অন্তত একশ কোটি ডলার বলে ধারণা করা হয়।
একবার ফোর্বস ম্যাগাজিনে শীর্ষ কোটিপতিদের তালিকায়ও তার নাম আসে।
