২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনগাজিতে সেনা-জঙ্গি লড়াইয়ে নিহত ১৯

গত তিনদিনে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সরকারি সেনাদের সঙ্গে ইসলামপন্থী যোদ্ধাদের লড়াইয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jul 2015, 11:16 AM

Updated : 25 Apr 2022, 01:36 PM

এসব লড়াইয়ে আরো অন্তত ৮০ জন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে বেনগাজির হাসপাতাল সূত্রগুলো।

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত সেনা ও অন্যান্য বাহিনীর সঙ্গে গত এক বছর ধরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর লড়াই চলছে। ২০১১ সালে লিবিয়ার ক্ষমতা থেকে মুয়াম্মাম গাদ্দাফিকে উচ্ছেদ ও তাকে হত্যার পরবর্তী সময় থেকে দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে। একেক বাহিনী দেশটির একেকটি অংশ নিয়ন্ত্রণ করে শাসন করেছে।

এই তিনদিনের লড়াইয়ে বেনগাজির সশস্ত্র বাসিন্দাদের সমর্থনে সেনা ইউনিটগুলো শহরটির বেশ কিছু এলাকা পুনর্দখল করতে সক্ষম হয়। এই এলাকাগুলো গত বছর ইসলামপন্থী মজলিশ আল শুরার যোদ্ধারা দখল করে নিয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত শুরার যোদ্ধারা বেনগাজির বন্দর এলাকাসহ বেশ কয়েকটি এলাকার দখল ধরে রেখেছিল।

গত তিনদিন ধরে বেনাগাজির লিথি এলাকায় সেনাদের সঙ্গে যোদ্ধাদের তীব্র লড়াই হয়েছে। এখানে এলাকার প্রধান সড়কগুলোতে অবরোধ বসিয়ে সেনাদলের উপর হামলা চালিয়েছে কট্টর ইসলামপন্থী যোদ্ধারা।

এখানে লড়াইয়ে বেশ কয়েকজন সেনা ও স্বেচ্ছাসেবক যোদ্ধা হারানোর কথা স্বীকার করেছেন সেনা কমান্ডার ওয়ানিস বুখামাদা।

সেনাদের উপর হামলার পেছনে ইসলামিক স্টেট (আইএস) রয়েছে বলে অভিযোগ করেছেন বুখামাদা। সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নেওয়া আইএস কেন্দ্রীয় কর্তৃত্বহীন লিবিয়ার বেনগাজিসহ অনেক অংশে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে।

লিবিয়ায় বৈধ সরকারের দাবিদার দুটি কর্তৃপক্ষ দেশটির নিয়ন্ত্রণ নিয়ে একে অপরের সঙ্গে লড়াই করছে। রাজধানী ত্রিপোলি দখল করে প্রতিদ্বন্দ্বী একটি গোষ্ঠী নিজেদের সরকার গঠন করেছে, অপরদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির পূর্বাঞ্চলে অবস্থান করে সরকার পরিচালনা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।