২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সরকার-তালেবান শান্তি আলোচনা স্থগিত

আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যেকার শান্তি আলোচনা পরবর্তীতে আরো আলোচনার সিদ্ধান্তের মধ্য দিয়ে আপাতত স্থগিত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 09:36 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

রমজান মাসের পর আবার আলোচনা হবে।কাতারের রাজধানী দোহায় ১৫ ও ১৬ অগাস্ট পরবর্তী আলোচনার দিন নির্ধারণ করা রয়েছে। 

প্রতিবেশী দেশ পাকিস্তান এ আলোচনার উদ্যোগ নিয়েছে। প্রথমদফা আলোচনা সেখানেই হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “শান্তির জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি এবং মীমাংসার পথে এগিয়ে যাওয়ার জন্য অংশগ্রহণকারীরা আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মঙ্গলবারের আলোচনার উচ্চ প্রশংসা করে একে ‘বিরাট সাফল্য’ বলে উল্লেখ করেন। তবে এ শান্তি আলোচনার ফল কি হবে তা এখনও পরিষ্কার নয়।

কারণ শান্তি আলোচনা নিয়ে তালেবানের মধ্যেই বিভেদ দেখা দিয়েছে।

মঙ্গলবার পাকিস্তানে আলোচনা শুরু হওয়ার কিছু সময় আগে তালেবান জঙ্গিরা কাবুলে দুইটি আত্মঘাতী বোমা হামলা চালায়, এতে একজন নিহত এবং তিনজন আহত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা ইসলামাবাদের একটি পাহাড়ী রিসোর্টে মঙ্গলবারের এই আলোচনা পর্যবেক্ষণ করেন।

হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানে শুরু হওয়া আলোচনাকে স্বাগত জানিয়েছে। ‘বিশ্বাসযোগ্য শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য এ আলোচনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে বর্ণনা করেন তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, চীন এ অগ্রগতিকে সমর্থন করে এবং সব দিক থেকেই বিষয়টি নজরে রাখবে।

“চীন আশা করছে আফগানিস্তানে শান্তি ফিরে এলে তা সিনঝিয়ানে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।”

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, “এই আলোচনা শান্তির পথে প্রথম পদক্ষেপ।”

রমজান মাসের পর দ্বিতীয় দফা আলোচনা হবে বলেও তারা নিশ্চিত করেছেন।