২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোগাদিশুর গোয়েন্দা দপ্তরে আল শাবাবের হামলা

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বড় ধরনের একটি হামলা শুরু করেছে বিদ্রোহী জিহাদি গোষ্ঠী আল শাবাব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 04:25 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

রোববার ভোরে দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের সদর দপ্তরের কাছে একটি আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে হামলা শুরু করা হয় বলে জানিয়েছে বিবিসি। এরপর বেশ কয়েক ঘন্টা গোলাগুলির ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই দপ্তরটির সামনে থেকে ভারী গুলির্বষণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণ ও গোলাগুলিতে চার জঙ্গি নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অপরদিকে আশ শাবাবের এক মুখপাত্র দাবি করেছেন, তাদের যোদ্ধারা ১০ জনেরও বেশি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছেন।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা ‘হামলার পরিকল্পনাটি উদঘাটন করেছেন’, তার ফলে ওই চার জঙ্গিকে হত্যা করা সম্ভব হয়েছে।

রমজানে দেশজুড়ে হামলা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছিল আল শাবাব। বুধবার রমজান শুরু হওয়ার পর এটি রাজধানীতে চালানো প্রথম বড় ধরনের হামলা।

আল শাবাব গোয়েন্দা কর্মকর্তাদের হত্যার দাবি জানালেও সোমালিয়া সরকার জঙ্গিদের দাবি অস্বীকার করেছে।

নিরাপত্তা বাহিনীগুলো হামলাকারীদের সফলভাবে প্রতিরোধ করেছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “তারা গোয়েন্দা দপ্তরটিতে ধ্বংসযজ্ঞ চালাতে চেয়েছিল, কিন্তু লক্ষে পৌঁছানোর আগেই তাদের প্রতিরোধ করা হয়েছে। আমাদের পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

“আমরা আগেই হামলার পরিকল্পনাটি উদঘাটন করতে পেরেছিলাম। গোয়েন্দা দপ্তরে হামলাকারী আল শাববের জঙ্গিদের মৃতদেহ এগুলো। বিস্ফোরিত গাড়িটিতে দুজন ছিলেন, অপর দুজন পায়ে হেঁটে এসেছিলেন,” বলেন ইউসুফ।

নিহত আল শাবাব জঙ্গিদের গুলিবিদ্ধ মৃতদেহ দেশটির গণমাধ্যমগুলোতে দেখানো হয়েছে।

আল শাবাবের মুখপাত্র আবু মুসাব বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাদের তিন যোদ্ধা নিহত হয়েছেন।

“অভিযানে নিজেদের শহীদ করেছে তারা। আমরা ১০ জন গোয়েন্দাকে হত্যা করেছে, যাদের অধিকাংশই কর্মকর্তা পর্যায়ের,” বলেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরুর ইঙ্গিত দেয়া হয়। 

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহি ইয়ারে বলেছেন, “প্রচণ্ড বিস্ফোরণের পর ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যায়। গোলাগুলির কারণে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না।”

সোমলিয়ার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও মোগাদিশুতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে আল শাবাব। এর আগে এই গোয়েন্দা সদর দপ্তরটিতে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠীটি।