অস্ট্রিয়ায় বেপরোয়া গাড়ি, নিহত ৩
অস্ট্রিয়ায় একটি চত্বরে ভিড় লক্ষ্য করে এক ব্যক্তি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দিলে অন্তত তিন জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়।
অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজে এ ঘটনা ঘটেছে।
গাড়ির চালককে আটক করা হয়েছে। তবে তার ব্যাপারে আর কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।
ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় জনসাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘটনা তদন্তে বড় ধরণের অভিযান শুরু হয়েছে।
আঞ্চলিক সরকার তিন জন নিহত এবং ৩৪ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। আহত কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
গভর্নর হারম্যান স্কুটজেনহয়েফের বলেন, ঘটনার পর ২৬ বছর বয়সী একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ওই ব্যক্তিকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে বর্ণনা করেন তিনি।
“এখানে কোনো ব্যাখ্যা নেই, এখানে কোনো অজুহাতও নেই।”
তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ ধারণা করছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।
প্রত্যক্ষদর্শী হেলমুট রিনিস্ক বিবিসিকে বলেন, তিনি রক্তাক্ত কয়েকটি দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন। সেখানে একটি ছোট বালকও ছিল।
“গাড়িটি অন্তত ১০০ মাইল বেগে চলছিল। ঘটনাটি খুবই ভীতিকর ছিল, সবাই হতভম্ব হয়ে গিয়েছিল।”
অন্য একজন প্রত্যক্ষদর্শী নিজের বেঁচে যাওয়ার কাহিনী শোনানা।
“আমি চত্বরের মাঝখানে বসে কফি পান করছিলাম। এমন সময় লোকজন চিৎকার শুরু করে। এরপর আমি একটি গাড়ির ইঞ্জিন থেকে আসা বিকট আওয়াজ শুনতে পাই। আমি দৌড়ে পাশে বাজারের ভেতরের রাস্তায় উঠে পড়ি।”
গুঞ্জন রয়েছে গাড়ির চালক পরে গাড়ি থেকে নেমে ছুরি হাতে লোকজনের ওপর হামলা চালায়। তবে এ ব্যাপারে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।
