সৌদি আরবে জিহাদি হুমকি বাড়ছে
ইসলামিক স্টেট (আইএস) ধীরে ধীরে সৌদি আরবে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। আরব বিশ্বে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধ নিয়ে ক্ষোভে তারা আরো ফুঁসে উঠছে।
বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এখন পর্যন্ত নিজেদের রাজনৈতিক পরিবেশ শান্ত রাখতে সক্ষম হয়েছে। কিন্তু বর্তমানে দেশটিতে জঙ্গিদের বিস্তার তাদের সক্ষমতাকে ক্ষয় করে ফেলছে।
‘জিহাদ ইন সৌদি আরব’ বইয়ের লেখক টমাস হেগহাম্মের বলেন, “পরপর বড় ধরনের দুইটি বোমা হামলার ঘটনা ঘটা যে কোনো দেশের জন্যই সমস্যা। এ ধরনের ঘটনা ঘটার কথা ছিল না। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, জঙ্গিদের নতুন একটি নেটওয়ার্কের সৃষ্টি হয়েছে এবং গোয়েন্দা সংস্থা সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।”
আইএস জঙ্গিরা সৌদি আরবের সংখ্যালঘু শিয়া মুসলিম, পুলিশ ও পশ্চিমা বিশেষজ্ঞদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জঙ্গি সংগঠন আল-কায়দার বিরুদ্ধে লড়াই করে তাদের নির্মূল করেছে সৌদি সরকার। তারপর থেকে দেশটিতে জঙ্গি তৎপরতা অনেক কমে এসেছিল। কিন্তু সম্প্রতি দেশটির ভেতরে আবার জঙ্গি তৎপরতা বেড়েছে।
আল-কায়দা জঙ্গিরা মূলত পশ্চিমা বিরোধী ছিল। কিন্তু বর্তমান জঙ্গি বিশেষ করে আইএস’র মূল ক্ষোভ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, ইরাকের শিয়া জঙ্গি ও তাদের সমর্থক ইরানের উপর।
সৌদি আরবের অধিকাংশ নাগরিক ইরানের কঠোর সমালোচক। বিশেষ করে সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনে সুন্নিদের ওপর শিয়া মুসলিমদের অভিযানে সমর্থন দেয়ার কারণে তারা ইরানকে তীব্র ঘৃণা করে।
এমনকি সৌদি আরবের অপেক্ষাকৃত উদারপন্থি সুন্নি জঙ্গি মহসেন আল-আওয়াজি বলেন, আইএস’র প্রতি মানুষের আকর্ষণের কারণ বোঝা খুব সহজ।
“যদি ইরান বাড়িঘর ধ্বংস করতে থাকে, লোকজনকে হত্যা করতে থাকে, জীবন্ত পুড়িয়ে মারতে থাকে এবং এসব দেখেও আন্তর্জাতিক মহল নিশ্চুপ থাকে। যদি বাশার আল আসাদ বেসামরিক জনগণের বাড়িঘরের ওপর ব্যারেল বোমা ফেলতে থাকেন, যত্রতত্র মানুষ হত্যা করতে থাকেন এবং আন্তর্জাতিক মহল তারপরও নিশ্চুপ থাকে তবে অবশ্যই লোকজন এসব থেকে(নিস্তার পেতে) ইসলামিক স্টেটের অপেক্ষায় থাকবে।”
