ফক্সের প্রধান নির্বাহী হচ্ছেন জেমস মারডক
১ জুলাই থেকে রুপার্ট মারডকের স্থলে তার ছেলে জেমস মারডক বিনোদন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব নিচ্ছেন বলে নিশ্চিত করেছে টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি ফক্স।
নির্বাহীর দায়িত্ব ছেড়ে রুপার্ট তার অপর ছেলে লাচলানের পাশাপাশি ফক্সের সহ-চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন।
বর্তমানে কোম্পানির সহ-চেয়ারম্যান হিসেবে লাচলান একাই দায়িত্বপালন করছেন।
এক বিবৃতিতে ৮৪ বছর বয়সী রুপার্ট বলেছেন, “আমরা ছেলেরা কোম্পানিকে উন্নতির নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছেন।”
বিবিসি বলছে, ফক্সের বর্তমান প্রেসিডেন্ট চেস ক্যারে ২০১৬ সালের জুন পর্যন্ত নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন।
টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি ফক্স সংবাদ সম্প্রচারকারী চ্যানেল ফক্স নিউজ এবং ফিল্ম স্টুডিও টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের মালিকানাধীন কোম্পানি।
কোম্পানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও রুপার্ট মারডকই নিয়ে থাকেন বলে ধারণা করা হয়।
দুই বছর আগে এই কোম্পানি থেকে রুপার্ট মারডকের কম লাভজনক সংবাদপত্রের ব্যবসা প্রতিষ্ঠান নিউজ কর্পোরেশন আলাদা হয়ে যায়।
৪৩ বছর বয়সী লাচলান মারডক ও ৪২ বছর বয়সী জেমস মারডক এক যৌথ বিবৃতিতে তাদের পিতা ও নির্বাহী বিভাগের সঙ্গে মিলে কোম্পানি পরিচালনার দায়িত্ব পেয়ে ‘বাধিত’ বোধ করছেন বলে জানিয়েছেন।
