নিউ ইয়র্কে আইএস সমর্থক শিক্ষার্থী গ্রেপ্তার
প্রেসার কুকার বোমা বিস্ফোরণের পরিকল্পনার দায়ে নিউ ইয়র্ক সিটি কলেজের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর সমর্থনে তিনি এ কাজ করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার আদালতের প্রকাশিত নথি অনুযায়ী শনিবার সকালে মুন্তেহার ওমর সালেহ নামে ২০ বছর বয়সী ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।
ব্রুকলিনের ফেডারেল আদালতে দাখিল করা ওই নথিসূত্রে জানা গেছে, ওই দিন সকালে সালেহ ও অপর একজন তাদের গাড়ি থেকে বের হয়ে তাদের গতিবিধি অনুসরণরত গোয়েন্দাদের একটি গাড়ির দিকে ছুটে যায়। এ সময় তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়।
তবে গ্রেপ্তার অপরজনের নাম আদালতের নথিতে উল্লেখ করা হয়নি এবং তাকে তাৎক্ষণিকভাবে সনাক্তও করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আদালতে দাখিল করা কাগজপত্রে একজন ফেডারেল গোয়েন্দা বলেছেন, নিউ ইয়র্ক শহরের কুইন্স এলাকার বাসিন্দা সালেহ প্রেসার কুকার বোমা কীভাবে বানানো যায় তা জানতে অনলাইনে ঘণ্টার পর ঘণ্টা পার করেছেন।
পাশাপাশি ২০১৩ সালে বোস্টন ম্যারাথনের প্রাণঘাতী বোমা হামলার বিবরণীগুলোও খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন।
অনেকগুলো অনলাইন পোস্টিংয়ে সালেহ আইএসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এছাড়া ট্যুইটারে করা একটি পোস্টে বলেছেন, “আমার আশঙ্কা, একিউ (আল কায়েদা) খুব বেশি মধ্যপন্থী হয়ে যাচ্ছে।”
আইএসের বিভিন্ন হত্যাকাণ্ড সমর্থন করা সহ তিনি জঙ্গিগোষ্ঠীটির বিভিন্ন হামলারও প্রশংসা করতেন। এসবের মধ্যে জানুয়ারিতে ফরাসি ব্যঙ্গ ম্যাগাজিন শার্লে এবদুতে চালানো হামলা উল্লেখযোগ্য বলে নথিতে জানানো হয়েছে।
মার্চে নিউ জার্সি ও নিউ ইয়র্ক শহরকে সংযোগকারী জর্জ ওয়াশিংটন ব্রিজে হেঁটে যাওয়ার সময় সালেহর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের এক কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে তিনি আইএসের প্রতি সহানুভূতিশীল নন বলে জানান এবং পুলিশকে নিজের ব্যক্তিগত কম্পিউটার পরীক্ষা করার অনুমতি দেন। পরীক্ষার পর কম্পিউটারে আইএসের পক্ষে প্রচারণার আলামত পাওয়া যায়।
সালেহ যে কলেজের ছাত্র সেই সিটি কলেজ বিমান উড্ডয়ন ও নির্মাণ বিষয়ক বিষয়ে (অ্যারোনটিকস্) বিশেষায়িত।
কেন্দ্রীয় আদালতে সালেহর বিরুদ্ধে আনা অভিযোগে তৃতীয় আরেক সহযোগীর কথা এসেছে। ওই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে কিনা নথিতে তা উল্লেখ করা হয়নি। ওই সহযোগীর নামও প্রকাশ করা হয়নি।
সম্প্রতি আইএসের মাধ্যমে অনুপ্রাণিত মনে হওয়া বেশ কয়েকজন তথাকথিত ‘লোন উলফ’কে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের সবগুলোতে এ ধরনের অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির আইনি কর্তৃপক্ষ।
