২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে রাশিয়া

পারমাণবিক অস্ত্রাগারে এবছর আরো ৪০টির বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 10:04 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

একটি অস্ত্র মেলায় বক্তৃতা দেয়ার সময় পুতিন বলেন, ওই অস্ত্রগুলো সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরোধ ব্যবস্থাকে জয় করতেও সক্ষম হবে।

পুতিনের শাসনামলে রাশিয়া প্রতিরক্ষাব্যয় অনেক বাড়িয়েছে। একইসঙ্গে তারা ব্যাপকভাবে অস্ত্র  আধুনিকীকরণ কর্মসূচি শুরু করেছে বলে জানিয়েছেন বিবিসি’র সংবাদদাতারা। এর আওতায়ই অস্ত্রাগারে উচ্চ-প্রযুক্তির নতুন ক্ষেপণাস্ত্রগুলো সংযোজন করা হচ্ছে।

সম্প্রতি পূর্ব ইউরোপের নেটো দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাশিয়া এ উদ্যোগ নিচ্ছে।

রাশিয়ার কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে ভারী অস্ত্র মজুদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তবে মস্কো এর জবাব দেবে।

রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আনাতলি আনাতোনভের বরাত দিয়ে সংবাদ সংস্থা রিয়া জানায়, “মনে হচ্ছে নেটোভূক্ত আমাদের অন্যান্য সহকর্মীরা আমাদেরকে অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে।”  

পূর্ব ইউক্রেইনে সংঘাতময় পরিস্থিতি এবং এর পেছনে রাশিয়ার ভূমিকা নিয়ে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

নেটো ও পশ্চিমা নেতাদের অভিযোগ, রাশিয়া ইউক্রেইনের রাশিয়াপন্থি বিদ্রোহীদের সহযোগিতা করতে সেখানে সেনা পাঠানোর পাশাপাশি ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের মতো ভারি অস্ত্রও পাঠাচ্ছে।

রাশিয়া বার বার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইউক্রেইনে রাশিয়ার কোনো সেনা যদি যুদ্ধ করে থাকে তবে তারা সম্পূর্ণ ‘স্বেচ্ছায়’ সেটা করছে।