মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির মৃত্যুদণ্ড বহাল
কারাগার ভাঙার মামলায় দোষী সাব্যস্ত মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে আদালত।
গত মাসে মিশরের একটি আদালত কারাগারে হামলা, অপহরণ, পুলিশ হত্যা ও সরকারি সম্পদ বিনষ্ট করার অভিযোগে প্রাথমিকভাবে মুরসিকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহামেদ বাদাইসহ আরো একশ’র বেশি সদস্যকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
কিন্তু চূড়ান্ত রায়ের আগে এ বিষয়ে সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্বধারী গ্র্যান্ড মুফতি’র মতামত জানতে চায় আদালত। গ্র্যান্ড মুফতির সঙ্গে আলোচনার পরই আদালত মৃত্যুদণ্ডের রায় বহাল রাখল।
একই আদালত মঙ্গলবার অন্য একটি মামলায় (ফিলিস্তিনের ইসলামপন্থি সংগঠন হামাসের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে) মোহাম্মদ মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
এর আগে মে মাসে কারাগার ভাঙার মামলায় মুরসির মৃত্যুদণ্ড হওয়ার পর যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলোর সরকার এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এ রায়ের ব্যাপক সমালোচনা করেছিল।
মঙ্গলবার বিচারক শাবান আল-শামি বলেন, “গ্র্যান্ড মুফতি তার মতামত দিতে গিয়ে বলেছে, এ মৃত্যুদণ্ড অনুমোদনযোগ্য।”
চূড়ান্ত রায়ের পর ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা ইয়াহইয়া হামিদ বলেন, “সব ধরনের আন্তর্জাতিক মানদণ্ডকে অবহেলা করে এ রায় দেয়া হয়েছে। মিশরে গণতন্ত্রের কফিনে শেষ পেরকটি ঠুকে দিয়েছে এ রায়।”
সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে গণআন্দোলনের সময় পুলিশ সদস্যদের হত্যা ও অপহরণ, পুলিশের উপর হামলা এবং কারাগার ভেঙে পালানোর অভিযোগে মুরসি, ব্রাদারহুড প্রধান মোহামেদ বাদেইসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল।
মুরসি নিজে ২০১১ সালের জানুয়ারিতে ওয়াদি নাটরউন কারাগার থেকে পালান। মামলায় ব্রাদারহুডের প্রধান বাদাইসহ নেতৃস্থানীয় আরো ৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত।
ওদিকে, গুপ্তচরবৃত্তির মামলায় আদালত বাদাইসহ আরো ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড (মিশরের আইন অনুযায়ী ২৫ বছর) দিয়েছে।
এদিন রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, “মিশরের পূর্বদিকের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে কারাগারে হামলা চালানোর কাজে ফিলিস্তিনের দল হামাসের সহযোগী হয়ে কাজ করেছে মুসলিম ব্রাদারহুড।”
২০০৫ সাল থেকে ২০১৩ সালের মধ্যে দেশের গোপন তথ্য বিদেশে পাচার কারার অভিযোগে ব্রদারহুডের অন্য ১৬ জন নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
এরই মধ্যে ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে আন্দোলনকারীদের গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগে এক মামলায় ২০ বছরের কারাদণ্ডের শাস্তি পাওয়া মুরসি সাজা ভোগ করা শুরু করেছেন।
ব্যাপক গণআন্দোলনের মুখে ২০১৩ সালের জুলাই মাসে মিশরের সেনাবাহিনী মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে।
বর্তমানে মুসলিম ব্রাদারহুড মিশরে নিষিদ্ধ ঘোষিত দল এবং দলটির কয়েক হাজার কর্মী-সমর্থক গ্রেপ্তার হয়েছে।
