বন্যায় রাজপথে বাঘ-সিংহ-জলহস্তী
বন্যা কবলিত জর্জিয়ায় চিড়িয়াখানার গেট ভেঙে পালিয়েছে বাঘ, সিংহ ও জলহস্তীসহ আরও অনেক প্রাণী।
এখন রাজধানী তিবলিসির রাস্তায় বেড়ানো এসব বন্য প্রাণী সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছে বলে সিএনএন জানিয়েছে।
প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পানির তোড়ে তিবলিসির চিড়িয়াখানার খাঁচার দরজা ভেঙে বেরিয়ে পড়েছে বিভিন্ন প্রজাতির ৩০টিরও বেশি বন্যপ্রাণী।
এগুলোর মধ্যে রয়েছে- ৮টি সিংহ ও ২০টি ভাল্লুকসহ বেশ কয়েকটি বাঘ, নেকড়ে, জাগুয়ার, জলহস্তী, কুমির ও শেয়াল।
বন্যপ্রাণীদের খোঁজে শহরজুড়ে অভিযান শুরু করেছে জর্জিয়ার পুলিশ ও সেনাবাহিনী। এরই মধ্যে কিছু প্রাণী ধরা হয়েছে বলে জানানো হয়েছে।
বনকর্মীরা বেশ কয়েকটি প্রাণীকে ট্রাংকুলাইজার দিয়ে ধরতে সক্ষম হয়েছে। তবে বাঘ, সিংহসহ এখনও বেশ কয়েকটি প্রাণী শহরের নানা জায়গায় রয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিংস্র এসব পশুর আক্রমণে কারও মৃত্যু হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে শহরের বাসিন্দাদের ঘরের বাইরে না বেরুনো ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আকস্মিক বন্যার পর রোববার তিবলিসি চিড়িয়াখানায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে। বন্যায় সব মিলিয়ে ১২ জনের মৃত্যুর খবর সাংবাদিকদের জানিয়েছেন তিবলিসির মেয়র।
