২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬

মালয়েশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্পের পর মাউন্ট কিনাবালু থেকে এখন পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 09:10 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

রোববার মালয়েশিয়ার পর্যটন, সংস্কৃতি ও পরিবশে মন্ত্রী মাজিদি মানজুন বলেন, নিহতদের মধ্যে ছয় জন মালয়েশিয়ার, সাত জন সিঙ্গাপুরের এবং ফিলিপাইন, চীন ও জাপানের একজন করে নাগরিক রয়েছেন।

নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। সে সিঙ্গাপুরের টানজং কেটং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বিদ্যালয় থেকে শিক্ষা সফরে গিয়েছিল শিশুটি।

সংবাদ সম্মেলনে মাজিদি আরো বলেন, তালিকা অনুযায়ী, কিনাবালু পার্কে দুইজন নিখোঁজ ছিলেন। তাদের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। সোমবার পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলেও জানান মন্ত্রী।

শুক্রবার ভূমিকম্পের পর মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিনাবালুতে প্রায় দেড়শ’ পর্বতারোহী আটকা পড়েছিলেন। তখন এক বা দুইজনের মৃত্যু হয়েছে বলেও প্রাথমিকভাবে জানানো হয়।

মাজিদি বলেন, মাউন্ট কিনাবালুতে আরোহণ তিন সপ্তার জন্যে বন্ধ রাখা হবে। ভূমিকম্পের ফলে পর্বতটিতে ওঠার পথ, থাকার ব্যবস্থা ও অন্যান্য সুবিধা গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত ও পুনর্গঠন করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

শনিবার সকালে মালয়েশিয়ার উদ্ধারকর্মীরা ১৩৭ জন পর্বতারোহীকে নিরাপদে সরিয়ে আনে। ওইদিন আরো আট পর্বতারোহীর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছিল।

ওদিকে, ভূমিকম্পে নিহতের স্মরণে ৮ জুন সিঙ্গাপুরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং ফেসবুক পোস্টে বলেন, “এ দিন সব সরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।”