২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে ম্যাগি নুডলস নিষিদ্ধ

পরীক্ষায় বিপজ্জনক মাত্রায় সীসার উপস্থিতি পাওয়ায় ভারতীয় কর্তৃপক্ষ রাজধানী নয়াদিল্লিতে ১৫ দিনের জন্য ম্যাগি নুডলস বিক্রি নিষিদ্ধ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 10:56 PM

Updated : 26 Jul 2022, 12:00 PM

এরআগে উত্তর প্রদেশে ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত সীসা পাওয়া যায়।

খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত সরকার দেশব্যাপী ম্যাগি নুডলসের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।

দেশটির বড় বড় চেইন সুপার শপগুলো এরই মধ্যে তাদের শোরুম থেকে ম্যাগি নুডলস সরিয়ে ফেলেছে।

যদিও নেসলে ভারত তাদের পণ্য অনিরাপদ ও অস্বাস্থ্যকর নয় বলে দাবি করেছে।

ভারতে নেসলের সর্বাধিক বিক্রিত পণ্য ম্যাগি। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বছরে দেড় হাজার কোটি রুপির ম্যাগি নুডলস বিক্রি হয়।

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ম্যাগি নুডলস খুবই জনপ্রিয়। বিশেষ করে নেসলের দুই মিনিট ইন্সট্যান্ট ম্যাগি নুডলস। কারণ, এটি খুব সহজে রান্না করা যায় এবং সুস্বাদু খাবার।

অমিতাভ বচ্চন, মাধুরী দিক্ষিত, প্রীতি জিনতার মত বড় বলিউড তারকারা ম্যাগির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন।

গত মাসে উত্তর প্রদেশ রাজ্যের খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসনের (এফডিএ) নিয়মিত পরীক্ষায় নেসলে ইন্ডিয়ার প্রস্তুত করা দুই ডজন ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটে উচ্চ মাত্রায় সীসা পাওয়া যাওয়ার পর বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়।

দিল্লি সরকারের এ ঘোষণা আসার পর বুধবারই বোম্বে স্টক এক্সচেঞ্জে নেসলের শেয়ারের দাম ১০ শতাংশ কমে যায়।