ই-মেইল চালুর ২৪ ঘন্টায় ৮ হাজার ম্যাসেজ!
মিশরের প্রেসিডেন্ট আব্দেল-ফাত্তাহ আল-সিসি দেশের জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য নতুন একটি ই-মেইল একাউন্ট খোলার ২৪ ঘণ্টার মধ্যে আট হাজার ম্যাসেজ পেয়েছেন।
মিশরের গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। মঙ্গলবার প্রেসিডেন্ট কার্যালয় থেকে media.office8@op.gov.eg আইডিটি প্রকাশ করা হয় এবং বলা হয়, প্রেসিডেন্ট সিসি ব্যক্তিগতভাবে মিশরের নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চান। জনগণের জিজ্ঞাসা, উদ্বেগ ও পরামর্শ সম্পর্কে জানতে এ উদ্যোগ নিয়েছেন তিনি।
মিশরের রাষ্ট্র পরিচালিত ওয়েবসাইট আহরাম নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ওই আট হাজার ম্যাসেজের ৫০ শতাংশই নানা ধরণের অভিযোগ। এছাড়া, ২০ শতাংশ পরামর্শ ও ২৬ শতাংশ প্রেসিডেন্টের প্রংশসা করে পাঠানো হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, “প্রেসিডেন্ট সিসি তার মাসিক বক্তৃতায় জনগণের এসব জিজ্ঞাসার জবাব দেবেন।”
“প্রেসিডেন্টের বিশ্বাস, দেশ বর্তমানে যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তা বজায় রাখতে স্বচ্ছতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধিকাংশের মতামত গ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
২০১৩ সালের জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে মিশরের সেনাবাহিনী। ওই সময়ে সেনা প্রধান ছিলেন সিসি।
২০১৪ সালের মাঝামাঝিতে নির্বাচনের মধ্য দিয়ে মিশরের প্রেসিডেন্ট হন তিনি।
