বোস্টনে বোমাহামলাকারী সারানায়েভের মৃত্যুদণ্ড
যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলাকারী জোখার সারানায়েভকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি কেন্দ্রীয় আদালত।
শুক্রবার আদালতের দেয়া রায়ে ২১ বছর বয়সী সারানায়েভকে প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হয়।
১৫ ঘণ্টার বিবেচনা-পর্যালোচনা শেষে জামিন অযোগ্য আজীবন কারাবাস ও প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগে মৃত্যুদণ্ড, এ দুটির শাস্তির মধ্যে বিচারক দ্বিতীয়টি বেছে নেন।
২০১৩ সালের ১৫ এপ্রিল বোস্টন ম্যারাথন দৌড়ের শেষ পর্যায়ে ফিনিশ লাইনের কাছে চালানো বোমা হামলায় তিনজন নিহত ও ২৬৪ জন আহত হয়েছিলেন। বড় ভাই তামারলেন সারানায়েভকে এই বোমা হামলা চালানোয় সহায়তা করেছিলেন জোখার।
বোমা হামলার দুদিনের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হন তামারলেন আর আহত গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন জোখার।
এপ্রিলে একই আদালত ঘরে তৈরি দুটি প্রেসার কুকার বোমা ম্যারাথন দর্শকের মাঝে রেখে দেয়ার জন্য জোখারকে দোষী সাব্যস্ত করেছিল। এছাড়া গুলি করে এক পুলিশ সদস্যকে আহত করায়ও দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।
বোমা হামলার স্থান বোস্টন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে। রাজ্যটির আইনে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই। কিন্তু জোখারের বিচার রাজ্যের কোনো আদালতে নয় হচ্ছে কেন্দ্রীয় আদালতে এবং কেন্দ্রীয় আইনে। ওই আইনে প্রাণঘাতী ইঞ্জেকন প্রয়োগে মৃত্যুদণ্ডের বিধান আছে।
জরিপে দেখা গেছে, বোস্টনের বাসিন্দারা জোখারকে মৃত্যুদণ্ড দেয়ার বিরোধী।
