উপসাগরীয় মিত্রদের পাশে থাকার অঙ্গীকার ওবামার
উপসাগরীয় আরব মিত্র দেশগুলোকে যে কোনো ধরনের ‘বহিঃ আক্রমণ’ থেকে রক্ষা করতে তাদের পাশে অতন্দ্র প্রহরীর মত উপস্থিত থাকার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিড-এ ছয়জাতি উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে প্রতিশ্রুতি দিয়ে ওবামা বলেন, মিত্রদেশগুলোকে রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহারের কথা বিবেচনা করবে। সেইসঙ্গে ওই অঞ্চলে ইরানের অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো তৎপরতার মুখে মিত্রদেরকে সুরক্ষা দেবে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ছয় শক্তিধর দেশ তেহরানের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হতে চাইছে। ৩০ জুনের মধ্যে এ সংক্রান্ত চুক্তি পাকা করার কথা রয়েছে।
চুক্তি হলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অন্তত ১০ বছরে জন্য কমিয়ে আনবে। বিনিময়ে তাদের ওপর থেকে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
শিয়া নেতৃত্বাধীন দেশ ইরানের সঙ্গে এ চুক্তি নিয়ে উদ্বিগ্ন সৌদি আরবসহ ওই অঞ্চলের সুন্নি নেতৃত্বাধীন দেশগুলোর সরকার। যদিও ওই অঞ্চলে ইরানের যেকোনো ধরনের উদ্বেগজনক আরচণ প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, “আমি আবারো নিশ্চিত করে বলছি, উপসাগরীয় মিত্রদের সুরক্ষার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি তা অবশ্যেই রক্ষা করা হবে।”
সম্মেলনে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি করতে চেয়েছিল। ওবামা সে প্রস্তাবে রাজি হননি।
তবে বর্তমানে মিত্রদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের যেসব ব্যবস্থা রয়েছে সেগুলো আরো আধুনিক করার ঘোষণা দিয়েছেন। যার মধ্যে রয়েছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একীভূত করা, সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তৃতি, সমুদ্র নিরাপত্তা, অস্ত্র বিক্রয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কমিয়ে আনা এবং যৌথ সামরিক মহড়া বৃদ্ধি।
তেহরানের সঙ্গে চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরানের সঙ্গে চুক্তি হবে ‘বিস্তৃত’ এবং ‘যাচাইযোগ্য’। যুক্তরাষ্ট্রের এ প্রতিশ্রুতির পর জিসিসি এ ব্যাপারে আর আপত্তি তোলেনি।
জিসিসি ভূক্ত দেশগুলো হলো, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
এবারের সম্মেলনে সৌদি বাদশাহ সালমান অংশ নেননি। তার স্থলে যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ও উপযুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্মেলনে অংশ নেন।
বিশেষজ্ঞদের ধারণা, ওবামা প্রশসনের ওপর উপসাগরীয় আরব দেশগুলোর হতাশার জ্বলন্ত উদারহরণ এটি।
