‘ইউক্রেইনে নিহত হয়েছে রাশিয়ার ২২০ সেনা’
পূর্ব ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহে মদদ যোগাতে রাশিয়া ৫৩শ’ কোটি রুবল (১০৪ কোটি ডলার) ব্যয় করেছে এবং সেখানে লড়াইয়ে নিহত হয়েছে অন্তত ২২০ জন রুশ সেনা।
রাশিয়ার বিরোধীদলীয় কর্মীদের একটি প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়েছে।
এতে বলা হয়, গত গ্রীষ্মে পূর্ব ইউক্রেইনের ইলোভেইস্ক গ্রামের আশেপাশে ও অন্যান্যস্থানে লড়াইয়ে অন্তত ১৫০ জন রুশ সেনা নিহত হয়। জনস্মুখে একথা প্রকাশ না করার শর্তে নিহত ওই সেনাদের স্বজনদেরকে ক্ষতিপূরণ হিসাবে দেয়া হয় ৩০ লাখ রুবল।
প্রতিবেদনে আরো বলা হয়, এ বছরের শুরুর দিকে পূর্ব ইউক্রেইনের দেবালিৎসিভ শহরের আশেপাশে সংঘর্ষে নিহত হয় অন্তত ৭০ জন রুশ সেনা। এই সেনাদের স্বজনদের কোনো ক্ষতিপূরণ দেয়া হয়নি।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক প্রয়াত বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসোভের শেষ কাজ ছিল এ প্রতিবেদনটি তৈরি করা। ২৭ ফেব্রুয়ারিতে মস্কোয় একটি সেতুর কাছে আততায়ীর গুলিতে নিহত হন নেমৎসোভ। এ হতাকাণ্ডে দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে।
পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদেরকে লড়াইয়ে সহায়তা করতে মস্কো কোনো সেনা সেখানে পাঠায়নি বলে যে দাবি করে এসেছে তার বিপরীতেই বিভিন্ন সূত্র থেকে তথ্য জোগাড় করে এবং একাধিক পরিবারের সদস্যদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরির কাজ করে আসছিলেন নেমৎনোভ।
হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর নেমৎসোভের দলের কর্মীরাসহ উদারপন্থি ‘রিপাবলিকান পার্টি অব রাশিয়া’ (আরপিআর-পারনাস) এবং সমমনা আরো কয়েকজন সাংবাদিক মিলে ৬৫-পাতার এ প্রতিবেদন তৈরির কাজ শেষ করে।
ইউক্রেইনে নিহত রুশ সেনাদের পরিবারের সদস্যরা নেমৎসোভের সহায়তা কামনা করার পর তিনি প্রতিবেদনটি তৈরির কাজ শুরু করেছিলেন।
ইউক্রেইনের স্থানীয় বিদ্রোহী এবং রুশ ‘স্বেচ্ছাসেবী’ সেনাদের খরচসহ তাদেরকে রসদ যোগানো বাবদ রাশিয়া ১০ মাসেরও বেশি সময়ে মোট ৫৩শ’ কোটি রুবল ব্যয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে আরো বলা হয়, রুশ সেনাদেরকে ইউক্রেইনে পাঠানোর আগে তাদেরকে সেনাবাহিনী থেকে পদত্যাগে বাধ্য করা হত। রাশিয়ার সামরিক বাহিনীর কোনো সেনা ইউক্রেইনে নেই- মস্কোর এ যুক্তির সত্যতা প্রমাণ করাই ছিল এর উদ্দেশ্য।
ক্রেমলিনের মুখপাত্র প্রতিবেদনটির ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং প্রেসিডেন্ট পুতিন এটি দেখেছেন কিনা তাও বলতে পারছেন না বলে জানান তিনি।
ইউক্রেইনের লড়াইয়ে জড়িত থাকার কথা অস্বীকার করেও রাশিয়া সেখানে সেনা পাঠিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করায় পুতিনকে দোষারোপ করেছেন নেমৎসোভের সহযোগী আইয়া ইয়াসিন।
প্রতিবেদনটি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইউক্রেইনের সঙ্গে এ এক অঘোষিত যুদ্ধ। কুচক্রী এ যুদ্ধ গোটা রুশজাতির বিরুদ্ধে অপরাধের সামিল।”
