২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কি যুবরাজের ‘সেলফি তোলা’ মূর্তি ভাংচুর

তুরস্কের একটি শহরে অটোমান সাম্রাজ্যের সময়কার এক যুবরাজ সেলফি তুলছেন- এমন একটি মূর্তি উন্মোচন করার কয়েক ঘণ্টার মধ্যে সেটিতে ভাংচুর চালানো হয়েছে।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 02:35 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

বিবিসি জানিযেছে, শনিবার উত্তর তুরস্কের আমাসিয়া শহরে নদীর পাড়ে এক মানুষ সমান উঁচু মূর্তিটি স্থাপন করা হয়। 

কিন্তু পরদিনই দেখা যায়, সেলফি তুলতে সবচেয়ে প্রয়োজনীয় যে গেজেটটি সেই মোবাইল ফোনই মূর্তির হাতে নেই। হাতে মোবাইল ফোনের ভগ্নাংশ নিয়ে যুবরাজ ঠায় দাঁড়িয়ে আছেন সেলফি তোলার ভঙ্গিতে, তার পাশে দাঁড়িয়ে পর্যটকরা নিজেদের সেলফি তুলছেন। 

এই মূর্তির মাধ্যমে তাদের শহরের ঐতিহ্যের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে বলে মনে করছেন শহরটির অনেক বাসিন্দা। অটোমান্ সাম্রাজ্যের সময় ভবিষ্যৎ সুলতান হওয়ার প্রস্তুতি নিতে যুবরাজদের আমাসিয়ায় পাঠানো হতো। এই শহরেই ভবিষ্যতে পুরো সাম্রাজ্যকে পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ নিতেন যুবরাজরা।  শহরটির ক্ষুব্ধ এক বাসিন্দা বলেন, “সবাই জানে ওই সময় মোবাইল ফোন ছিল না। একজন যুবরাজকে এভাবে দেখানোটা আমাদের উত্তরাধিকারীদের জন্য অসম্মানজনক। মূর্তির ওই অংশটা যে ভেঙেছে তার উচিত ছিল ওটা পুরোপুরি সরিযে ফেলা।” শহর কর্তৃপক্ষের দাবি, যেহেতু মূর্তিটা নির্দিষ্ট কোনো যুবরাজ্যের প্রতিমূর্তি না, শুধুমাত্র মনোযোগ আকর্ষণ করার জন্য স্থাপন করা হয়েছে, তাই এতে কাউকে অসম্মান করার মতো কিছু হয়নি।  আমাসিয়ার মেয়র কাফের ওজদেমির বলেছেন, “একটি মূর্তির সঙ্গে আধুনিক অনুসঙ্গ যোগ করাটা দোষের কিছু হয়নি।”