১৮ কোটি ডলারে বিকোলো পিকাসোর চিত্রকর্ম
পাবলো পিকাসোর আঁকা উইমেন অব আলজিয়ার্স বিশ্বের সবচে দামী চিত্রশিল্পে পরিণত হয়েছে। নিলামে চিত্রকর্মটি ১৭ কোটি ৯৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
নিউইয়র্কে এই নিলামটির আয়োজন করেছে নিলামকারী সংস্থা ক্রিস্টি’স।
বিবিসি বলছে, টেলিফোনে অজ্ঞাত এক ক্রেতা এটি কেনার ঘোষণা দিয়েছেন। চিত্রকর্মটির আনুমানিক মূল্য থেকে অনেক বেশি দামে এটি কিনে নিচ্ছেন ওই ক্রেতা।
চিত্রকর্মটির মূল্য ধরা হয়েছিল ১৪ কোটি মার্কিন ডলার।
পিকাসোর এই তেলচিত্রটিতে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে। তাতে রয়েছে পিকাসোর সুপরিচিত কিউবিক ধারার ছাপ। নগ্ন এক রমণীকে সেখানে দেখা যাচ্ছে।
এটি স্প্যানিশ চিত্রকর পিকাসের ১৫টি চিত্রকর্মের একটি সিরিজের অংশ। ১৯৫৪-৫৫ সালের দিকে এটি এঁকেছিলেন তিনি। তাতে এ থেকে ও পর্যন্ত ইংরেজি বর্ণমালার ব্যবহার ছিল।
এটির চূড়ান্তমূল্য ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার। তাতে ক্রিস্টি’স-এর ১২ শতাংশেরও বেশি কমিশনও যুক্ত হবে।
এরআগে ব্রিটিশ পেইন্টার ফ্রান্সিস বেকনের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রড’ চিত্রকর্মটি রেকর্ড ১৪ কোটি ২৪ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।
২০১৩ সালে ক্রিস্টি’সই ওই নিলামের আয়োজন করেছিল।
