২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে নিখোঁজ মরোক্কোর এফ-১৬ জঙ্গি বিমান

ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা চলার সময় মরক্কোর একটি এফ-১৬ জঙ্গিবিমান নিখোঁজ হয়েছে। মরক্কোর সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার একথা জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 08:25 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

এক বিবৃতিতে বলা হয়েছে, “রাজকীয় সশস্ত্র বাহিনীর একটি এফ-১৬ বিমান ইয়েমেনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৌদি আরব নেতৃত্বাধীন বাহিনীর অংশ হিসেবে অভিযানে অংশ নিচ্ছিল। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা থেকে বিমানটি খুঁজে পাওয়া যাচ্ছে না।”

ওদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসেরা’র খবরে সোমবার বলা হয়, ইয়েমেনের সাদা প্রদেশের প্রত্যন্ত ওয়াদি নাশুর এলাকায় হুতিরা বিমান বিধ্বংসী অস্ত্র দিয়ে একটি এফ-১৬ বিমান ভূপতিত করেছে।”

সৌদি সীমান্তবর্তী সাদা প্রদেশ হুতি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি। তবে খবরে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। যুদ্ধ বিক্ষুব্ধ ওই অঞ্চলে এ খবরের সত্যতা নিশ্চিত করারও প্রায় অসম্ভব।

সৌদি আরব ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশ লক্ষ্য করে ১৫০টির বেশি রকট ছুড়েছে।

হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে, জবাবে সোমবার তারা সৌদি আরবের সীমান্ত এলাকা জিজান ও নাজরান লক্ষ্য করে রকেট ও মর্টার শেল নিক্ষেপ করেছে।