ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলা
যুদ্ধবিরতিকে সামনে রেখেই সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী ইয়েমেনে ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশটিতে তারা ১৩০ বার বিমান হামলা চালিয়েছে বলে শনিবার জানিয়েছে জোট বাহিনী।
এসব হামলার কয়েকটিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
আগামী মঙ্গলবার থেকে পাঁচ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি আরব, ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও এ প্রস্তাবে সম্মত হয়েছে। কিন্তু এ পরিস্থিতিতেই ইয়েমেনে আবারো ব্যাপক বিমান হামলা চালালো সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।
উত্তর ইয়েমেনের সাদ্দায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো হামলার আগে বেসামরিক লোকজনকে এলাকাটি ছেড়ে যাওয়ার আহ্বান জানায় জোট বাহিনী, কিন্তু কিভাবে তারা এলাকা ছাড়বে তা স্পষ্ট করে বলেনি।
গত ২৬ মার্চ ভোর থেকে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী। এরপর পুরো এপ্রিলজুড়ে টানা হামলা চালানো হয়। এর মধ্যে একবার বিমান হামলা বন্ধের ঘোষণা দেয়া হলেও তা কার্যকর হয়নি।
১২ তারিখ থেকে পাঁচ দিনের যুদ্ধ বিরতির ব্যাপারে উভয়পক্ষ সম্মত হলেও তা কার্যকর হওয়া নিয়ে সংশয় বিরাজ করছে।
সৌদি নেতৃত্বাধীন নয়টি আরব রাষ্ট্রের জোট বাহিনীর বিমান হামলাকে যুক্তরাষ্ট্র, বৃটেন ও ফ্রান্স সমর্থন দিচ্ছে। শিয়া হুতি বিদ্রোহীদের দমন করে ইয়েমেনের ক্ষমতাচ্যূত সুন্নি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদিকে ফের ক্ষমতাসীন করতে চাচ্ছে এসব দেশ।
দেশ থেকে পালিয়ে সৌদি রাজধানী রিয়াদে আশ্রয় নিয়ে আছেন প্রেসিডেন্ট হাদি।
