মে দিবসে যুক্তরাষ্ট্রে সহিংসতা
মে দিবসে যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে পুঁজিবাদবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
শুক্রবার বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা পুলিশের দিকে পাথর ও রেঞ্জ ছুঁড়ে মারতে শুরু করলে সংঘর্ষ শুরু হয়।
আত্মরক্ষার্থে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ করে “ফ্ল্যাশব্যাং” ও পেপারবল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনগুলোতেও একই কথা বলা হয়েছে।
“এটি আর বিক্ষোভ নিয়ন্ত্রণের ব্যাপার ছিল না, এটি দাঙ্গায় রূপ নিয়েছিল,” এক বিবৃতিতে বলেছেন সিয়াটল পুলিশের ক্যাপ্টেন ক্রিস ফওলার।
এ সময় বিক্ষিপ্ত সংঘর্ষে অন্ততপক্ষে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে জানিয়েছে সিয়াটল পুলিশ। এ ঘটনায় অন্ততপক্ষে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে তারা।
আহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং তাদের সিয়াটল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে।
সিয়াটল টাইমস সংবাদপত্র জানিয়েছে, অভিবাসী ইস্যু নিয়ে একটি শান্তিপূর্ণ মিছিলের পর বিকেল ৬টার দিকে বিক্ষোভকারীরা এক জায়গায় জড়ো হয়েছিল।
শুক্রবার সন্ধ্যায় ট্যুইটারে আপলোড করা এক ফুটেজে দেখা যায়, ওই ভিড়ের মধ্যদিয়ে বাইসাইকেল আরোহী একদল দাঙ্গা পুলিশ সাইকেল চালিয়ে নিচ্ছে আর লাঠি চার্জ করছে। এতে লোকজন ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা অন্ততপক্ষে দুই ডজন গাড়ি ভাংচুর করেছে এবং ডাস্টবিনের ময়লায় আগুন ধরিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ছবিতে বিক্ষোভকারীদের দোকান-পাটে হামলা চালাতে দেখা গেছে।
