২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনাম যুদ্ধের ৪০ বছর পূর্তি

হো চি মিন শহরের রাস্তায় সামরিক কুচকাওয়াজের মধ্যদিয়ে ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার ৪০ বছর পূর্তি পালন করছে ভিয়েতনাম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 03:43 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

১৯৭৫ সালের ৩০ এপ্রিল উত্তর ভিয়েতনামি সেনাদের হাতে তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সায়গনের পতন হয়। যুদ্ধ শেষ হওয়ার পর সায়গনের নাম পাল্টে হো চি মিন সিটি নামকরণ করা হয়।

সায়গনের পতনের পর উত্তর ভিয়েতনামের জয়ের মধ্যদিয়ে যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামি সেনাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

কয়েক দশকের এই যুদ্ধে অন্তত ৩০ লাখ ভিয়েতনামি ও ৫৮ হাজার মার্কিন সেনা নিহত হন। যুদ্ধ শেষে দুই উত্তর-দক্ষিণ মিলে আবার এক ভিয়েতনামে পরিণত হয়।

অনুষ্ঠানে আগত এক সাবেক গেরিলা যোদ্ধা বলেন, “আমি এখানে এসেছি কারণ আমাদের এই ইতিহাসকে অবশ্যই সজীব রাখতে হবে।”

তার মতো যুদ্ধে অংশ নেওয়া অনেক গেরিলা এই স্মরণানুষ্ঠানে যোগ দেন।

তবে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বেশিরভাগই বয়সে তরুণ। এদের অনেকেরেই জন্ম যুদ্ধ শেষ হওয়ার পর বলে জানিয়েছেন বিবিসির প্রতিনিধি। 

৪০ বছর পর ভিয়েতনাম এখনও একটি কমিউনিস্ট রাষ্ট্র। এই দীর্ঘ সময়ে দেশটির অর্থনীতিতে অনেক সংস্কারমূলক পরিবর্তন হলেও রাজনীতি ও সমাজ কাঠামোতে তার ছাপ তেমন পড়েনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন কুয়োক খানহ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “৩০ এপ্রিলের জয় ছিল ভিয়েতনামি জনগণের জীবনের এক সোনালি বাঁক।”

যুক্তরাষ্ট্রের ইতিহাসেও ভিয়েতনাম যুদ্ধ স্থায়ী ছাপ রেখে যায়। ইতিহাসের এটিই প্রথম যুদ্ধ, যা টেলিভিশনে ব্যাপকভাবে সম্প্রচারিত হয়। এ যুদ্ধেই প্রথমবারের মতো আধুনিক একটি পরাশক্তি পরাজিত হয়।