করবৃদ্ধি ঠেকাতে নতুন আইনের প্রতিশ্রুতি ক্যামেরনের
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পুনরায় নির্বাচিত হলে পাঁচ বছরের জন্য কর না বাড়ার আইন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের এ প্রতিশ্রুতি দেন তিনি। যদিও অন্যান্য দলগুলো একে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে।
৭ মে যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এক বক্তৃতায় ক্যামেরন বলেন, “আপনারা যথেষ্ট কর দিয়েছেন। এখন সরকারের সঠিক জায়গায় সঠিক ব্যয় করার সময় হয়েছে। সরকারের কল্যাণমূলক কার্যক্রম সংস্কারের সময় হয়েছে। কর্মজীবী মানুষের ওপর নতুন করে করের বোঝা চাপানোর সময় এখন নয়।”
এ বছর বড় ধরনের ঘাটতি বাজেট ঘোষণার পরও ক্যামেরনের কনজারভেটিভ পার্টি এ মাসের শুরুতে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে সেখানে আয়কর ও ভ্যাট না বাড়ানোর ঘোষণা দিয়েছে।
ক্যামেরন আরও এক ধাপ এগিয়ে ঘোষণা দিয়েছেন, পুননির্বাচিত হওয়ার ১০০ দিনের মধ্যে তিনি এ সংক্রান্ত একটি নতুন আইন করবেন। তবে ক্যামেরনের নিজ দলের মিত্ররাই কর না বাড়ানোর এ পরিকল্পনার সমালোচনা করেছে।
গত পাঁচ বছর ধরে কনজারভেটিভ দলের জোটে থাকা লিবারেল ডেমক্রেটস দলের পক্ষ থেকেই এ পরিকল্পনার সমালোচনা করা হয়েছে।
গত পাঁচ বছর ধরেই যুক্তরাজ্যে ঘাটতি বাজেট ঘোষণা করা হচ্ছে। যদিও এই ঘাটতির পরিমাণ পাঁচ শতাংশেরও কম। ব্যয় কমিয়ে এ ঘাটতি পূরণের পরিকল্পনা করেছে কনজারভেটিভ পার্টি।
লিবারেল ডেমক্র্যাটস পার্টির মতে, ব্যয় কমিয়ে এবং কর বাড়িয়ে এ ঘাটতি পূরণ করা উচিত।
গত সপ্তাহে ‘ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিস’ এর পক্ষ থেকে বলা হয়েছিল, কনজারভেটিভ পার্টি ২০১৯ সালের মধ্যে বাজেটের ঘাটতি পূরণের পরিকল্পনা করেছে। খুব সম্ভবত এটার জন্য তারা কর বাড়াবে এবং ব্যয় কমাবে।
বিরোধী লেবার পার্টি তাদের ইশতেহারে বলেছে, ক্ষমতায় আসলে ধনীদের ক্ষেত্রে আয়কর বাড়ানো হবে এবং অন্যান্য করের ক্ষেত্রে বর্তমান আইনে কোন পরিবর্তন তারা আনবে না।
