২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্মেনীয় হত্যাকাণ্ড ‘গণহত্যা’: পোপ

একশ বছর আগে তুর্কি অটোমান শাসকদের নৃশংসতায় প্রায় ১৫ লাখ আর্মেনীয় হত্যার ঘটনাকে প্রকাশ্যে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন পোপ ফ্রান্সিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 08:52 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

এ হত্যাকাণ্ডকে ‘বিংশ শতাব্দীর প্রথম গণহত্যা’ অভিহিত করে তুরস্কের সঙ্গে বিরোধে জড়িয়েছেন পোপ।

আর্মেনীয় হত্যাকান্ডের শততম বার্ষিকী উপলক্ষে সেন্ট পিটার্স বাসিলিকায় এক প্রার্থনাসভায়  ওই কথা বলেন পোপ। রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু হিসাবে পোপ ফ্রান্সিসই প্রথম ওই হত্যাযজ্ঞের বর্ণনায় জনসম্মুখে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করলেন।

তার এ বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। পোপ ঘৃণা উস্কে দেয়ার চেষ্টা করছেন বলে দোষারোপ করেছে দেশটি। যে কথার কোনো ‘ঐতিহাসিক এবং আইনগত’ ভিত্তি নেই তা মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রণালয় ভ্যাটিকান থেকে তাদের রাষ্ট্রদূতকে আঙ্কারায় ফিরিয়ে নিয়েছে। সেইসঙ্গে ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে এর জবাবদিহিতাও করেছে। পোপের মন্তব্য কূটনৈতিক সম্পর্কে আস্থাহীনতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে মন্ত্রণালয়।

তুরস্ক সব সময়ই এ গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে। ঐ সহিংসতা প্রথম বিশ্বযুদ্ধের পরিণতিতে হয়েছিল বলে দাবি করেছে তারা। অন্যদিকে, আর্মেনীয়দের দাবি, ১৫ লাখ আর্মেনীয় তুর্কি অটোম্যানদের হত্যাযজ্ঞের স্বীকার হয়েছিল।

আর্মেনিয়াসহ অনেক দেশের ইতিহাসবিদরাও মনে করেন আর্মেনীয়দেরকে অটোমান বাহিনী ১৯১৫ সালে সুপরিকল্পিতভাবে হত্যা করে।

পোপ এ হত্যাকাণ্ডকে  নাৎসী ও স্টালিনবাদের অপরাধের সঙ্গেও তুলনা করেছেন। তিনি আরো বলেন, একে ঢেকে রাখা বা অস্বীকার করার অর্থ হচ্ছে, ক্ষতস্থানে ব্যাণ্ডেজ না বেঁধে সেখানে থেকে রক্ত ঝরতে দেওয়া।

বছর দুয়েক আগেও পোপ ভ্যাটিকানে আর্মেনীয়দের সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকে এ হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বলার পর তুরস্কের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছিল। এবার পোপের সর্বশেষ এই মন্তব্যও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাল তুরস্ক।

আর্মেনিয়া ১৯১৫ সালের ওই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার জন্য অনেকদিন থেকেই দাবি জানিয়ে আসছে।