ইয়েমেনে সৌদি বিমান হামলায় ২০ হুতি যোদ্ধা নিহত
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় অন্ততপক্ষে ২০ শিয়া হুতি যোদ্ধা নিহত হয়েছেন।
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ আমরানের একটি সেনাঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে সেনা কর্মকর্তা ও চিকিৎসকদের সূত্রে জানা গেছে।
হামলায় আহত হয়েছেন অনেকে।
নামপ্রকাশ না করার শর্তে অবসরপ্রাপ্ত একজন সেনা কমর্কর্তার বরাতে সিনহুয়া জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন যুদ্ধবিমান ৩১০ নম্বর সেনা ক্যাম্পের ওপর সকালে ও বিকালে সাতদফা বিমান হামলা চালিয়েছে। এতে বহুসংখ্যক হুতি যোদ্ধা নিহত হয়েছেন।
সেনা ক্যাম্পটির কাছাকাছি স্থানে বসবাসকারী ওই সাবেক সেনা কর্মকর্তা আরো জানান, আমরান শহরের উত্তরাংশে বায়িত আল-গোহউম এবং গুলাত আজিপ গ্রামেও হুতিদের ক্যাম্পে বিমান হামলা চালানো হয়েছে।
আমরানের একজন চিকিৎসক জানিয়েছেন, বিকালে ২০ হুতি যোদ্ধার লাশ আমরান হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া ২৭ জনেরও বেশি আহত যোদ্ধা চিকিৎসা নিচ্ছেন।
