২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ক্ষমতা খর্ব করেছেন ওবামা: ডিক চেনি

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা সন্ত্রাসীদের উত্থানের মধ্যেও যুক্তরাষ্ট্রের ক্ষমতা “উল্লেখযোগ্যভাবে খর্ব” করার বিষয়টি অনুমোদন করেছেন।

রয়টার্স

রয়টার্স

Published : 08 Apr 2015, 02:45 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

সম্প্রতি প্রকাশ হতে যাওয়া “এক্সসেপশনাল: হোয়াই দ্য ওয়াল্ড নিডস এ পাওয়ারফুল আমেরিকা” বইতে এই অভিযোগ তুলেছেন ওবামার কট্টর সমালোচক সাবেক রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। 
 
ডিকের জ্যেষ্ঠ কন্যা লিজ চেনি এই বইয়ের সহলেখক। তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা। 
 
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে বইটি বাজারে পাওয়া যাবে। 
 
সিবিএস কর্পোরেশনের প্র্রকাশনা হাউস সিমন অ্যান্ড স্কুস্টারের সহযোগী প্রতিষ্ঠান থ্রেসহোল্ড বইটি প্রকাশ করছে। 
 
প্রকাশক কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে চেনি বলেছেন, “দুর্ভাগ্যজনকভাবে, আমরা যখন সরাসরি দ্রুত বর্ধমান সন্ত্রাসী হুমকির মুখোমুখি রয়েছি, প্রেসিডেন্ট ওবামা তখন উল্লেখযোগ্যভাবে আমাদের ক্ষমতা খর্ব করে ফেলেছেন। তিনি আমেরিকার মিত্রদের পরিত্যাগ করে আমদের শত্রুদের সাহসী করে তুলেছেন।” 
 

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে আট বছর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বপালন করেছেন চেনি। এ সময় তিনি পেশীশক্তির ওপর নির্ভরশীল আমেরিকার পররাষ্ট্রনীতির ওপর জোর দিয়েছেন এবং ইরাক যুদ্ধ সংঘটিত করেছেন।  মার্চে প্লেবয় সাময়িকীতে প্রকাশ হওয়া এক সাক্ষাৎকারে ওবামার সমালোচনা করে চেনি বলেছেন, “আমি বারাক ওবামার দিকে তাকাই আর কোনো প্রশ্ন ছাড়াই আমার জীবনে দেখা সবচেয়ে বাজে প্রেসিডেন্টকে দেখতে পাই।”  “আমি জিমি কার্টারেরও অনেক সমালোচনা করেছি, কিন্তু তুলনায় বারাক ওবামা এবং জাতির জন্য তিনি যে ক্ষতি বয়ে আনছেন, তা একটি শোচনীয় ঘটনা। তার প্রেসিডেন্ট থাকাকালীন বিপর্যয় থেকে উঠে আসতে আমাদের বড় ধরনের মূল্য দিতে হবে।”