ইরাকি বাহিনীর তিকরিত দখলের পর লুটপাট-হত্যা
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ১ এপ্রিল তিকরিত শহরটি মুক্ত করে ইরাকি সেনাবাহিনী ও শিয়া বেসামরিক বাহিনীর জোট।
দীর্ঘ একমাস লড়াই চলার পর সুন্নি ওই জঙ্গিগোষ্ঠীকে শহর থেকে বিতারিত করে জোট বাহিনী। কিন্তু তারপর বিজয়ী বাহিনীর একটি অংশ প্রতিশোধে মত্ত হয়ে যায়।
তিকরিতের সরকারি সদরদপ্তরের কাছে ফেডারেল পুলিশের দুই সদস্য আইএস’র এক সন্দেহভাজন যোদ্ধাকে আটক করে। উত্তেজিত একদল জনতার ইন্ধনে দুই পুলিশ কর্মকর্তা ছুরি দিয়ে আটক ব্যক্তির ঘাড়ে উপর্যুপরি আঘাত করে ও তার গলা কেটে ফেলে। বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের সামনেই এ ঘটনা ঘটে।
