কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে ‘জিম্মি’ শিক্ষার্থীরা
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গারিসা কলেজ বিশ্ববিদ্যালয়ে আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর বন্দুকধারীরা হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে হত্যা করা ছাড়াও শিক্ষার্থীদের জিম্মি করেছে।
গারিসা ক্যাম্পাসে বন্দুকধারীদের হামলায় ৬৫ জন আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। সেনাদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষ চলছে।
৫শ’রও বেশি শিক্ষার্থীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন একজন মন্ত্রী। তাছাড়া, কতজন জিম্মি হয়েছে তাও জানা যায়নি।
আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাব বলেছে, তারা খ্রিস্টানদেরকে জিম্মি করেছে এবং মুসলিমদেরকে মুক্তি দিয়েছে।
আল শাবাবের মুখপাত্র বিবিসি’কে বলেছেন, দুটি গ্রুপ থেকে জিম্মিদেরকে আলাদা করা হয়েছে এবং ১৫ জন মুসলিমকে এরই মধ্যে মুক্তি দেয়া হয়েছে।
কেনিয়া সরকার আল শাবাবের উচ্চপদস্থ কর্মকর্তা মোহামেদ কুনো হামলার হোতা বলে জানিয়েছে এবং তাকে ধরিয়ে দেয়ার জন্য ৫৩ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করেছে।
সোমালিয়া সীমান্তের কাছে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বন্দুকধারীরা এ হামলা চালায় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
বন্দুকধারীরা ক্যাম্পাসে ঢুকেই শিক্ষার্থীদেরকে মেঝেতে শুয়ে পড়তে বলে। এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার বর্ণনায় এক শিক্ষার্থী বলেন, “পরিস্থিতি ছিল ভয়াবহ। সব জায়গায় চলছিল গোলাগুলি।”
মাত্র ২ জন পুলিশ অফিসার বিশ্ববিদ্যালয় পাহারায় ছিল। অন্যদিকে, প্রায় ৫ জন মুখোশধারী অস্ত্র নিয়ে হামলা চালায়। খ্রিস্টান হলে অস্ত্রধারীরা তাকে তৎক্ষণাৎ গুলি করে মারত বলে জানান ওই শিক্ষার্থী।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ কাইসারি জানিয়েছেন, ৮১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩৫ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
হামলার সময় মোট কতজন শিক্ষার্থী সেখানে ছিল তাও স্পষ্ট জানা যায়নি। একজন বন্দুকধারী পালাতে গিয়ে নিহত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জোসেফ।
