জম্মুর থানায় জঙ্গি হামলা, নিহত ৬
ভারতের জম্মু ও কাশ্মীরে একটি থানায় অস্ত্রধারী জঙ্গিদের হামলায় একজন বেসামরিক নাগরিক ও তিন পুলিশ নিহত হয়েছে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গিও নিহত হয়।
পুলিশ জানায়, অস্ত্রধারীরা কাথুয়া জেলার রাজবাগ পুলিশ স্টেশন প্রাঙ্গনে অনুপ্রবেশ করার সাত ঘণ্টা পর তাদের গুলি করে হত্যা করা হয়। জঙ্গিদের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র এবং গ্রেনেড ছিল। ভোর ৬টার দিকে তারা অতর্কিত হামলা চালায়।
রাজবাগ পুলিশ স্টেশনটি জম্মু থেকে ৬৫ কিলোমিটার দূরে পাঠানকোট যাওয়ার মহাসড়কের কাছে অবস্থিত। থানা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরেই পাকিস্তান সীমান্ত।
জঙ্গিরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি ভবনে গুলি করলে সেখানে দুইজন নিহত হয়। এ সময় বেসামরিক এক ব্যক্তি নিহত হন। তবে কি কারণে তাকে গুলি করা হল তা নিশ্চিত নয়।
এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছে। যাদের প্রায় সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য।
পুলিশের মহাপরিদর্শক দানিশ রানা জানান, দুই জঙ্ঙ্গিকে হত্যা করা হয়েছে। নিহত অন্যরা হলেন: একজন পুলিশ সদস্য, দুইজন সিআরপিএফ সদস্য এবং একজন বেসামরিক নাগরিক।
আহতদের মধ্যে সাত জন সিআরপিএফ সদস্য, একজন ডেপুটি সুপারেন্টেন্ডেট অব পুলিশ, পুলিশের একজন কনস্টেবল ও একজন বেসামরিক ব্যক্তি।
