ইরানকে ‘ঐতিহাসিক’ সুযোগ গ্রহণের আহ্বান ওবামার
পরমাণু কর্মসূচি নিয়ে গ্রহণযোগ্যে একটি চুক্তিতে উপনীত হওয়ার ‘ঐতিহাসিক সুযোগ’ হাতছাড়া না করার জন্য ইরানের নেতাদেরকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ ধরনের সুযোগ ‘খুব শিগগিরই আর নাও আসতে পারে’ বলেও ইরানকে সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার পারস্য নববর্ষ ‘নওরোজ’ উদযাপনকালে এক ভিডিও বার্তায় ওবামা বলেন, “আমাদের দেশগুলোর মধ্যে একটি আলাদা ভবিষ্যৎ গড়তে কয়েক দশকের মধ্যে এটাই সেরা সুযোগ।”
ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য ইরান কর্তৃপক্ষের সঙ্গে বিশ্বের শক্তিশালী ছয় দেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির (‘পিফাইভ প্লাস ওয়ান’ নামে পরিচিত) প্রতিনিধিরা সুইজারল্যান্ডে বৈঠক করছেন।
চুক্তি হলে ইরানকে অন্তত দশ বছরের জন্য তাদের স্পর্শকাতর পারমাণবিক কর্মসূচি কমিয়ে ফেলতে হবে। এর বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অনেকাংশেই তুলে নেয়া হবে।
বেশ কয়েক দফা আলোচনার পর চুক্তির বিষয়ে অগ্রগতি হলেও এখনো ‘ব্যবধান রয়ে গেছে’ বলে মনে করেন ওবামা।
“সামনের দিনগুলো বেশ কঠিন। আমাদের আলোচকরা বেশ খানিকটা এগিয়েছেন। কিন্তু এখনো ব্যবধান রয়ে গেছে। এছাড়া, ইরানের বিষয়ে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর পথে আমাদের দেশের ভেতর ও বাইরে অনেকে বাধা হয়ে দাঁড়িয়েছে।”
এক বছর আগে ইরান ও যুক্তরাষ্ট্র একটি অন্তবর্তীকালীন চুক্তি করেছিল। উভয় দেশ ওই প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও বিশ্বাস ওবামার।
যদি ইরান একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য ‘অর্থপূর্ণ’ এবং ‘যথাযথ পদক্ষেপ’ গ্রহণ করে তবে তা তাদের শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কার্যক্রম চালানোর প্রমাণ দেবে বলেও মনে করেন ওবামা।
পশ্চিমা বিশ্বের দাবি, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। যদিও ইরানের দাবি, তাদের পরমাণু প্রকল্প একেবারেই বিদ্যুৎ উৎপাদনের মত শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে।
