২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র বিরুদ্ধে ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ

ইরাকের উত্তরাঞ্চলে জানুয়ারিতে পেশমেরগা যোদ্ধাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র হিসাবে ইসলামিক স্টেট (আইএস) ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ইরাকের কুর্দি কর্তৃপক্ষ। এর প্রমাণও রয়েছে বলে দাবি করেছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 05:14 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

অর্ধ-স্বয়ত্বশাসিত কুর্দি অঞ্চলের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে রয়টার্সকে বলেছে, ২৩ জানুয়ারিতে ইসলামিক স্টেটের গাড়িবোমা হামলার চেষ্টার পর পেশমেরগা বাহিনী মাটি এবং পোশাকের নমুনা সংগ্রহ করেছিল।

পেশমেরগা জানায়, “গবেষণাগারে ওই নমুনা বিশ্লেষণ করে ক্লোরিন পাওয়া গেছে। যে মাত্রায় এটি প্রয়োগ করা হয়েছে তাতে বোঝা গেছে যে, এটিকে অস্ত্র হিসাবেই ব্যবহার করা হয়েছে।”

তবে কুর্দিদের এ অভিযাগ নিরপেক্ষসূত্রে যাচাই করে দেখা সম্ভব হয়নি। ক্লোরিন একটি মারাত্মক রাষায়নিক গ্যাস। প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি ব্যবহার করা হত। ১৯৯৭ সালের রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আইনের আওতায় রণক্ষেত্রে যে কোনো ধরনের বিষাক্ত রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়।

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনের (ওপিসিডব্লিউ) মুখপাত্র বলেছেন, “ইরাকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের দাবি তদন্ত করে দেখার কোনো অনুরোধ আমরা ইরাকের কাছ থেকে পাইনি। আর তাই ওপিসিডব্লিউ তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যাসত্য যাচাই করে দেখতে পারছে না।”