২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লাখনি দুর্নীতি: মনমোহনকে সোনিয়ার সমর্থন

ভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 02:07 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

মঙ্গলবার উড়িষ্যার তালাবিরা কয়লাখনি দুর্নীতি মামলায় ভারতের সাবেকপ্রধানমন্ত্রী মনমোহন সিংসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি করে আদালত। এর পরিপ্রেক্ষিতে সোনিয়া সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানালেন।
 
বৃহস্পতিবার দলীয় শতাধিক নেতাকে সঙ্গে করে পায়ে হেঁটে মনমোহনের বাসভবনে গিয়ে হাজির হন সোনিয়া।
 
এনডিটিভি বলছে, মনমোহনের বাসভবনের বাইরে উপস্থিত সাংবাদিকদের কংগ্রেস প্রেসিডেন্ট বলেন, “তিনি (মনমোহন) শুধু ভারতেই নয় সারাবিশ্বেই ন্যায়পরায়নতা ও সততার জন্য পরিচিত। আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি এবং তার সঙ্গে আছি। আমরা শুধু আইনিভাবেই এর বিরুদ্ধে লড়াই চালাবো না এর বিরুদ্ধে আমাদের নেতৃত্ব সবধরনের উদ্যোগই গ্রহণ করবে।” 

সোনিয়া আরো বলেন, “আমাদের কোনো সন্দেহ নেই, তিনি নির্দোষ প্রমাণিত হবেন।”

সোনিয়া গান্ধীর বাসভবনের কাছে কংগ্রেস নেতারা দলীয় সদরদপ্তরে মিলিত হন। এরপর তারা সবাই আধাকিলোমিটার দূরে মনমোহন সিংয়ের বাড়িতে হেঁটে উপস্থিত হন।
 
মনমোহন ও তার স্ত্রী গুরস্বর্না কাউরকে এ সময় হাসিমুখে সবাইকে অভ্যর্থনা জানাতে দেখা যায়।
 
এনডিটিভিকে মনমোহন বলেন, “আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে এই মামলা লড়বো।”
 
মনমোহন এ সময় দলের শীর্ষনেতারা তাকে সমর্থন জানাতে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিভিন্নসূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী ৮২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মনমোহনের প্রতি জোড়ালো ও পরিষ্কার সমর্থন ও বার্তা দিতে চেয়েছিলেন।
 
বিগত দুই দফায় ১০ বছর কংগ্রেস নেতৃত্বাধীন ভারতের সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন অর্থনীতিবিদ ড. মোনমোহন সিং।

কয়লাখনি দুর্নীতি মামলায় ভারতের সাবেকপ্রধানমন্ত্রী মনমোহন সিংসহ ছয়জনের বিরুদ্ধে মঙ্গলবার সমন জারির আদেশ দেয় দিল্লির বিশেষ সিবিআই আদালত । 

মনমোহনসহ ছয় আসামিকে আগামী ৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
আসামিদের মধ্যে ভারতের আদিত্য বিড়লা  গ্রুপের হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এবং সাবেক কয়লাসচিব পি সি পরখও রয়েছেন।

ওই কয়লা ব্লকের কাজ হিন্দালকোকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র ও  জনপ্রতিনিধি হিসাবে নেওয়া শপথ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে কংগ্রেস নেতা মনমোহনের বিরুদ্ধে, যিনি দশ বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সিবিআই অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে  জানুয়ারিতে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিলেও আদালত তা নাকচ করে নতুন করে তদন্তের আদেশ দেয়।   জানুয়ারিতে কয়লা খনি কেলেঙ্কারির বিষয়ে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল।  ২০০৫ সালে উড়িষ্যার তালাবিরা ব্লকের একটি কয়লা খনি অ্যালুমিনিয়াম কোম্পানি হিন্দালকোকে বরাদ্দ দেয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ওই সময় কয়লা মন্ত্রণালয় সরাসরি প্রধানমন্ত্রী মনমোহনের অধীনে ছিল।  সূত্রগুলো জানিয়েছে, মনমোহন সিবিআই’কে বলেছিলেন, “আমি অন্যদের পরামর্শের উপর নির্ভর করেছিলাম। আমি ফাইলে সই করলেও এতে কোনো সুপারিশ করিনি।”  হিন্দালকো, ৪০ বিলিয়ন ডলারের শিল্পগোষ্ঠী আদিত্য বিড়লা গ্রুপের একটি অংশ। অভিযোগ ওঠার পর কয়লা খনির জন্য তদ্বির করার কথা অস্বীকার করে কোম্পানিটি। পরে নিজেদের অবস্থান থেকে সরে এসে তারা অন্যায় কিছু করেনি বলে দাবি করে।  ২০১২ সালে ভারতের জাতীয় অডিট প্রতিবেদনে “কোল-গেট” নামে পরিচিত কয়লা খনি কেলেঙ্কারির বিষয়টি ফাঁস হয়। এতে দেখা যায়, তৎকালীন সরকার কোনো প্রতিযোগিতামূলক নিলাম ছাড়াই কয়লা খনির ব্লকগুলো কমমূল্যে বেসরকারি কোম্পানিগুলোর হাতে তুলে দিয়েছে।