গাজার ১ হাজার বাড়ি পুনর্নির্মাণ করবে কাতার
১০০ কোটি ডলারের ত্রাণ মঞ্জুরির অংশ হিসেবে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বিধ্বস্ত এক হাজার বাড়ি পুনর্নির্মাণ করার ঘোষণা দিয়েছে কাতার।
২০১৪ সালে ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় বিধ্বস্ত গাজার একটি আবাসিক এলাকা পরিদর্শনের সময় মঙ্গলবার কাতারের এক কর্মকর্তা এ কথা জানান।
গাজা পুনর্নির্মাণের দায়িত্বে নিয়োজিত কাতার কমিটির প্রধান মোহাম্মদ আল-আমাদি ওই দিন সকালে জানিয়েছেন, বাড়ি নির্মাণ প্রকল্পের কাজ শুরু করতে দরকারি সিমেন্ট নিয়ে গাজার উদ্দেশে রওয়ানা হওয়া চারটি ট্রাককে গাজা প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল।
গাজা-যুদ্ধে বিধ্বস্ত একটি হাসপাতালের ভগ্নস্তুপের ওপর দাঁড়িয়ে তিনি বলেন, “আজ আমরা এক বিলিয়ন ডলারের প্রকল্পটি শুরু করছি।”
গাজায় মালপত্র সরবরাহ তদারককারী ইসরায়েলি সামরিক বাহিনীর দপ্তর কোগাট জানিয়েছে, পশ্চিম-সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ সিমেন্ট সরবরাহের বিষয়টি তত্ত্বাবধান করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিমতীরে সীমিত স্ব-শাসন পরিচালনা করছে, অপরদিকে গাজা ভূখণ্ড শাসন করছে ইসলামপন্থি হামাস।
ফিলিস্তিনি ও জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৪ সালের জুলাই-অগাস্টে’র গাজা যুদ্ধে প্রধানত ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে গাজার ১,৩০,০০০ বাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমাদি বলেছেন, “আমরা চাই গাজার পুনর্নির্মাণে আরো দেশ এগিয়ে আসুক। আগের যুদ্ধগুলো থেকেও ভুগছিল গাজা।”
