হাসপাতাল ছেড়েছেন দক্ষিণ কোরিয়ার মার্কিন রাষ্ট্রদূত
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
সিউলে এক ব্যক্তির ছুরিকাঘাতে আহত হয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর লিপার্ট পুরোপুরি সুস্থ্য হয়ে ওঠার আশা প্রকাশ করে যত দ্রুত সম্ভব কাজে ফিরবেন বলে জানান।
গত বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে লিপার্টের ওপর হামলা করেন এক ব্যক্তি, যিনি হামলার সময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সখ্যে আপত্তি জানিয়ে চিৎকার করছিলেন।
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ারও প্রতিবাদ করেন ওই ব্যক্তি। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে।
কিম কি-জং নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি একটি ছোট ফল কাটার ছুরি নিয়ে হামলা চালান । তিনি চেঁচিয়ে কিছু বলে রাষ্ট্রদূতের কাছে গিয়ে তার মুখে কোপ দেন। এতে লিপার্টের মুখের একপাশের জখম থেকে রক্ত ঝরতে দেখা যায়।
চিকিৎসকেরা জানিয়েছেন, ছুরিকাঘাতে লিপার্টের মুখের ডান দিকে গভীর ক্ষত সৃষ্টি হয়। এ জন্য ৮০টি সেলাই দিতে হয়েছে।হাতের কব্জিও কেটে গিয়েছিল লিপার্টের। তবে এখন কব্জির ব্যথা কমে গেছে লিপার্টের।
