আহমেদাবাদে সোয়াইন ফ্লু ঠেকাতে কড়াকড়ি
ভারতের আহমেদাবাদে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়া ঠেকাতে জনসমাবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
গুজরাট সরকারের পক্ষ থেকে জানানো হয়, জানুয়ারি থেকে ভারতের এ রাজ্যটিতে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ।
রাজস্থানের পর গুজরাটেই সোয়াইন ফ্লু সবচেয়ে বেশি প্রাণ কেড়ে নিয়েছে। রাজস্থানে মারা গেছে ২২৫ জন।
সোমবার গুজরাটের জুনিয়র হেল্থ মিনিস্টার এবং বিধান সভার স্পিকার এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছর ডিসেম্বরের মাঝামাঝিতে ভারতে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব শুরু হয়। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সংসদে বলেন, সোয়াইন ফ্লু ধীরে ধীরে ‘গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠছে’, যদিও বিষয়টি নিয়ে ‘এখনই আতঙ্কিত হওয়া কিছু নেই’।
মঙ্গলবার আহমেদাবাদের জ্যেষ্ঠ প্রশাসক রাজকুমার বেনিওয়াল বলেন, কেউ জনসমাবেশ করতে চাইলে তাকে আগে থেকে অনুমতি নিতে হবে। এছাড়া সবার জন্য মাস্ক, হাত ধোয়ার সাবান ও পানি সরবরাহ করতে হবে।
“শুধুমাত্র বিয়ে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান এ আদেশের আওতামুক্ত থাকবে।”
বিবিসি প্রতিনিধি জানান, এ আদেশের কারণে বার্ষিক ম্যরাথন ও গানের কনসার্টসহ বেশ কিছু অনুষ্ঠান বাতিল হয়ে যাবে।
আহমেদাবাদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের কর্মস্থলে মাস্ক পরতে বলেছে।
এছাড়া, স্কুল ও কলেজের ছাত্রছাত্রী যারা ঠান্ডা বা জ্বরের সমস্যায় ভুগছে তাদের ভাল না হওয়া পর্যন্ত অন্যদের থেকে আলাদা থাকতে বলা হয়েছে।
অনেকেই সোয়াইন ফ্লু মোকাবেলায় প্রশাসনের ব্যর্থতার কথা বলছে। তবে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাবকে মহামারি ঘোষণা করার কোন প্রয়োজন নেই। পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণে।”
সোয়াইন ফ্লু সম্পর্কে সচেতনতা বাড়াতে ভারত সরকার টেলিভিশন ও বেতারে ব্যাপক প্রচার চালাচ্ছে। ২০০৯ সালে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে ভারতে প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়।
