২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস’র আত্মঘাতী গাড়িবোমা হামলায় লিবিয়ায় নিহত ৪২

লিবিয়ার পূর্বাঞ্চলীয় কুব্বাহ শহরে ইসলামিক স্টেট’র (আইএস) অনুগত জঙ্গিদের তিনটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪২ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 07:43 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

মিশরীয় বিমান হামলার প্রতিশোধ হিসেবে শুক্রবারের এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

“ইসলামিক স্টেট, সাইরেনাইকা প্রদেশ”র নামে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, “দের্না শহরে মুসলিমদের রক্তপাতের প্রতিশোধ হিসেবে তারা বহু মানুষকে হতাহত করেছে।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই গোষ্ঠিটি আগেও এ ধরনের বিবৃতি প্রকাশ করেছিল।

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অবস্থানস্থল বেইদা শহরের কাছেই কুব্বার অবস্থান। রাজধানী ত্রিপোলির একটি হোটেলে বড় ধরনের একটি হামলা চালানোর পর আবারো বড় ধরনের হামলা চালালো লিবিয়ার আইএস অনুগত জঙ্গিরা।

এরই মধ্যে বন্দি ২১ মিশরীয় খ্রিস্টানকেও হত্যা করেছে এই জঙ্গিরা। এই হত্যাকোণ্ডের প্রতিক্রিয়ায় সোমবার লিবিয়ার দূর পূর্বাঞ্চলের দের্নায় জঙ্গিদের অবস্থানের উপর বিমান হামলা চালিয়েছে মিশরীয় সামরিক বাহিনী।

জুমার নামাজের কিছুক্ষণ আগে কুব্বার একটি পেট্রল পাম্প, স্থানীয় নিরাপত্তা বিভাগের সদরদপ্তর এবং শহর কাউন্সিলের সামনে একই সময় এসব বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

লিবীয় পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহর বাড়ি কুব্বাহ’র শহর কাউন্সিলের পাশে, তবে হামলার সময় তিনি শহরটিতে ছিলেন না।

যে ৪২ জন নিহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজন মিশরীয় কর্মী রয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। তিনটি হামলায় ৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্মকর্তারা।

আল আরবিয়া টেলিভিশনে স্পিকার সালেহ বলেছেন, “কুব্বার নিহতদের স্মরণে আমরা সাতদিনের শোক ঘোষণা করছি। আমার ধারণা, দের্নার ঘটনার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।”

এই হামলার কয়েক ঘন্টার মধ্যে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত সেনারা দের্নার জঙ্গি অবস্থানগুলোতে সামরিক হেলিকপ্টার নিয়ে হামলা চালায় বলে জানিয়েছেন এক সামরিক সূত্র।