ভারতীয় ধনকুবেরের বিরুদ্ধে দারোয়ান হত্যার অভিযোগ
গাড়ি দিয়ে ধাক্কা এবং রড দিয়ে পিটিয়ে আহত করার পর এক নিরাপত্তারক্ষী হাসপাতালে মারা গেছেন।
এই অপরাধে ভারতীয় এক ধনকুবেরের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
অ্যাপার্টমেন্টের গেট খুলতে দেরি করায় মোহাম্মদ নিশাম ক্ষিপ্ত হয়ে নিরাপত্তারক্ষী চন্দ্রবোসের সঙ্গে এই ব্যবহার করেন বলে সোমবার জানিয়েছে বিবিসি।
গেট খোলার পর চন্দ্রবোসকে নিজের হ্যামার গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরেন নিশাম, এরপর রড দিয়ে পেটান।
গুরুতর আহত ৫০ বছর বয়সী বোসকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকটি অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো যায়নি। সোমবার তার মৃত্যু হয়।
হাসপাতালে দুই সপ্তাহ লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল বোসকে। কিন্তু সোমবার তার হৃদস্পন্দন থেমে যায়।
কেরালার ত্রিশুর শহরের ওই ঘটনার পরপরই পুলিশ ৩৯ বছর বয়সী নিশামের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছিল। চন্দ্রবোস মারা যাওয়ার পর তা খুনের অভিযোগে পরিণত হয়।
এর আগে ২০১৩ সালে নিজের নয় বছর বয়সী ছেলেকে ফেরারি গাড়ি চালানোর অনুমতি দিয়ে আরেকটি মামলার মুখে পড়েছিলেন নিশাম।
নিশামের বিরুদ্ধে আইন ভাঙার আরো কয়েকটি অভিযোগ আছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
২০১৩ সালে এক নারী পুলিশ কর্মকর্তা তার গাড়ি থামালে ওই কর্মকর্তাকে নিজের রোলস রয়েস গাড়ির ভিতরে আটকে রাখেন তিনি।
বিলাস বহুল গাড়ির প্রতি নিশামের আগ্রহের কথা অনেকেই জানতেন। হামার, রোলস রয়েস, ফেরারি ছাড়াও তার মালিকানায় বেন্টলি, অ্যাস্টন মার্টিন ও জাগুয়ার গাড়িও আছে।
দেশে সিগারেট ও মধ্যপ্রাচ্যে অলঙ্কার এবং হোটেল ব্যবসার মাধ্যমে নিশাম কোটিপতিতে পরিণত হন বলে ধারণা করা হয়।
