কোপেনহেগেনের বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে দুই প্রাণঘাতী হামলায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গুলি করে হত্যার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নোরেব্রো এলাকায় ওই ব্যক্তি পুলিশের ওপর গুলি চালালে পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।
শনিবার কোপেনহেগেনের একটি ক্যাফেতে বাকস্বাধীনতা নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠান চলার সময় এক অস্ত্রধারীর গুলিবর্ষণে এক ব্যক্তি নিহত এবং তিন পুলিশ আহত হয়।
দ্বিতীয় হামলার ঘটনায় শহরের প্রধান সিনাগগে এক ইহুদি নিহত এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হয়। পুলিশ বলেছে, ভিডিও নজরদারিতে পাওয়া তথ্যে দেখা গেছে, একই মানুষই দুই হামলা চালিয়েছে। আর কেউ জড়িত ছিল বলে তারা মনে করে না।
চীফ পুলিশ ইন্সপেক্টর তোরবেন মোলগার্দ জেনসেন এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের ধারণা দু’টি ঘটনার পেছনেই একই মানুষের হাত আছে এবং পুলিশ টাস্ক ফোর্স যে দুস্কৃতকারীকে হত্যা করেছে সেই দুই হামলার ঘটনার পেছনে ছিল।”
পুলিশ বলেছে, ওই ব্যক্তিকে দেখা যেতেই সে বন্দুক বের করে গুলি ছোড়ে। এর পাল্টা জবাবে পুলিশ গুলি ছুড়ে তাকে হত্যা করে। ঘটনাটি ঘটে নোরেব্রো ট্রেন স্টেশনের কাছে।
