২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকর্মের বাজারে পিকাসোনাতনি আতঙ্ক

ম্যারিনা পিকাসোর শৈশব কেটেছে দারিদ্রের মধ্যে। ওই সময় বাবার হাত ধরে কিছু ভাতার আবেদন নিয়ে দীর্ঘসময় পিতামহ পাবলো পিকাসোর বাড়ির ফটকে বসে থাকতেন তিনি। পিকাসো পরিবারে জন্ম নেয়াকে যিনি সবসময় বোঝা হিসেবেই মনে করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 11:57 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

ম্যারিনা যখন ২০ বছর বয়সী তরুণী তখন হঠাৎ করেই পিকাসোর বিখ্যাত বাড়ি লা ক্যালিফোর্নিয়াসহ তার চিত্রকর্মের বিশাল ভান্ডারের একাংশের মালিক হয়ে যান তিনি। ওই সময় ক্ষোভ প্রকাশ করতে ম্যারিনা নিজের ভাগের চিত্রকর্মগুলো দেয়ালের দিকে মুখ করে ঝুলিয়ে রেখেছিলেন।

এখন ম্যারিনার বয়স ৬৪ বছর। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন দাতব্য কাজের জন্য তিনি নিজের সংগ্রহে থাকা পিকাসোর চিত্রকর্মগুলো বিক্রি করে দেবেন। এর আগেও নিজের এবং নিজের দাতব্য সংস্থার জন্য পিতামহের চিত্রকর্ম বিক্রি করেন ম্যারিনা।

কিন্তু ২০০৮ সালে তার দীর্ঘদিনের ডিলার সুইজারল্যান্ডের জন ক্রুগারের মৃত্যুর পর ছবি বিক্রির জন্য তাকে নতুন নতুন পন্থা অবলম্বন করতে হচ্ছে।

২০১৩ সালে ম্যারিনা পিকাসোর দুইটি বড় চিত্রকর্ম নিলামে তুলেছিলেন। এছাড়া, গত বছর প্যারিসে পিকাসোর ‘নগ্ন চিত্রকর্মগুলোর’প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন।

কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া চিত্রকর্মগুলোর অধিকাংশই বিক্রি করে দেয়ার যে সিদ্ধান্ত ম্যারিনা নিয়েছেন, তা বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে। ব্যক্তিগত উদ্যেগে ম্যারিনার প্রায় ১০ হাজার চিত্রকর্ম বিক্রির সিদ্ধান্তে বাজার সয়লাভ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

টেক্সাসের স্যাম হসটন স্টেট বিশ্ববিদ্যালয়ের শিল্প ইতিহাস বিভাগের অধ্যাপক এনরিক মলেন বলেন, “পিকাসোর চিত্রকর্মের অন্যান্য মালিকরা যেখানে কালেভাদ্রে সেগুলো বিক্রি করেন সেখানে একমাত্র ম্যারিনা পিকাসোকেই মনে হচ্ছে তিনি চিত্রকর্মগুলো ‘অতিদ্রু ত‘ বিক্রি করে দিতে চাইছেন।”

পিকাসোর চিত্রকর্ম খুঁজে বের করতে ‘অনলাইন পিকাসো প্রজেক্ট’ নামে একটি প্রকল্পের উদ্যোক্তা মলেন।

সম্প্রতি মার্সেইতে একটি হাসপাতালের নির্মাণ কাজ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন ম্যারিনা। ওই হাসপাতালের মনরোগ বিভাগের পৃষ্ঠপোষক তিনি। ওই বিভাগে সংকটে থাকা কিশোর-কিশোরীদের চিকিৎসা করা হবে।

সেখানে প্রথমবারের মত জনসম্মুখে নিজের এই উদ্যোগের ব্যাখ্যায় ম্যারিনা বলেন, “এ কাজগুলো বিক্রি করে অর্থ জমা করা এবং সেই অর্থ মনবতার জন্য ব্যয় করাই আমার কাছে ভাল মনে হয়েছে।”

“আমার কাছে চিত্রকর্মগুলো আছে এবং অবশ্যই আমি সেগুলো এ ধরনের প্রকল্পে সাহায্য করতে ব্যবহার করতে পারি।”

ম্যারিনার এ পদক্ষেপের খবর বিশেষ মহলে মুখে মুখে ছড়িয়ে পড়েছে এবং এ থেকে নানা ধরনের গুঞ্জন ও গুজবের সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি ট্যাবলয়েডে প্রকাশ পায়, ম্যারিনা তার পিতামহের বাড়ি ও সাতটি বিখ্যাত চিত্রকর্ম বিক্রি করে দিতে যাচ্ছেন।

আবার অনেকে ভাবছেন, ম্যারিনার এই সিদ্ধান্তের কারণে পিকাসোর চিত্রকর্মে বাজার ভরে যাবে এবং এগুলোর দাম পড়ে যাবে।

পিকাসোর জীবনীকার ও গবেষক নিউ ইয়র্কের জন রিচার্ডসন বলেন, “একজন ডিলারের মাধ্যমে চিত্রকর্মগুলো বিক্রির কথা হওয়ার পরিবর্তে এখন রাস্তাঘাটে লোকজন একজন আরেকজনকে সেগুলো বিক্রির ব্যাপারে প্রশ্ন করছে।”

“আমাকেও বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছে আমি তা কিনতে আগ্রহী কিনা। তারা বলেছে তারা চিত্রকর্মগুলো ক্রয়ের ব্যাপারে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে এবং ম্যারিনা তার সংগ্রহে থাকা সবগুলো চিত্রকর্ম বিক্রি করে দিতে যাচ্ছেন।”

পিকাসোর ১০ হাজার চিত্রকর্মের মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রায় ৩০০টি চিত্রকর্মের মালিক হয়েছেন ম্যারিনা। তিনি জানিয়েছেন, ঠিক কতগুলো চিত্রকর্ম বিক্রি করবেন সেই সিদ্ধান্ত এখনো নেননি। এছাড়া পিকাসোর বাড়িটি এখন তিনি বিক্রি করছেন না।

তবে কোন চিত্রকর্মটি তিনি প্রথমে বিক্রি করবেন সে ব্যাপারে জানিয়েছেন। সেটা হলো: ‘লা ফ্যামিলা’। ১৯৩৫ সালে এটি আঁকা হয় যেখানে শুষ্ক মরু বেষ্টিত একটি পরিবারকে দেখানো হয়েছে। পিকাসোর সবচেয়ে মূল্যবান চিত্রকর্মগুলোর মধ্যে এটি একটি ।

লন্ডনের ‘সায়মন ডিকিনসন ফাইন আর্ট’ এর একজন ডিলার জেমস রাউন্ডেল বলেন, “এটি অমূল্য এবং নিশ্চিতভাবেই অসাধারণ একটি কাজ। এর মূল্য কয়েক মিলিয়ন ডলার হবে।”

১৯৭৩ সালে পিকাসো মারা যান। ওই সময় তার চার সন্তান ও আটজন নাতি-নাতনি ছিল। যারা পিকাসোর সম্পদ ও তার উত্তরাধিকার পাওয়া নিয়ে দীর্ঘসময় নিজেদের মধ্যে লড়াই করেছে।

ম্যারিনা পিকাসোর ছেলে পাওলোর মেয়ে। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা ম্যারিনা জানান, পিতামহের সঙ্গে তার কোন ছবি নেই এবং উত্তরাধিকার সূত্রে চিত্রকর্মগুলো পাওয়ার আগে পিকাসোর কোন ছবিও তার কাছে ছিল না।

“আমার বাবা পাওলো দাদার জন্য বাবুর্চির কাজ করাসহ আরো অনেক নিম্ন শ্রেণীর কাজ করছে। এমনকি অর্থের জন্য ভিক্ষাও করেছে। এই স্মৃতি এখনও আমাকে পীড়া দেয়।আমি বাবাকে খুব কমই দেখেছি এবং দাদা বলতে কেউ আমার জীবনে ছিল না।”

পাওলো ছিলেন পিকাসোর প্রথম স্ত্রী ওলগা খোখলোভার সন্তান। ওলগা একজন ব্যালে নৃত্যশিল্পী ছিলেন। বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মা ম্যারিনা ও তার ভাইয়ের দেখাশুনার জন্য সাবেক স্বামীর কাছ থেকে পাওয়া অর্থ সহায়তার ওপরই নির্ভর করতেন।

পিকাসোর দ্বিতীয় স্ত্রী জ্যাকুলিন রকু পিকাসোর অন্ত্যেষ্টিক্রিয়ায় ম্যারিনার ভাইকে ঢুকতে দেননি।

ওই ঘটনার কিছুদিন পর ম্যারিনার ভাই আত্মহত্যা করেন। এরপর থেকে পিকাসো পরিবারের সঙ্গে ম্যারিনার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই সময় তিনি একটি হাসপাতালে অটিস্টিক ও মানসিকভাবে অসুস্থ শিশুদের সেবা দেয়ার কাজ করতেন।

৯১ বছর বয়সে মারা যাওয়া পিকাসো কোন উইল রেখে যাননি। যে কারণে তার স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিরা সম্পত্তির উত্তরাধিকার নিয়ে পরষ্পরের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়েছিল। যেখানে ম্যারিনার নামও এসে পড়ে এবং তিনি সম্পত্তির এক-পঞ্চমাংশ ভাগে পান, যার মধ্যে পিকাসোর বাড়িটিও রয়েছে।

ম্যারিনা বলেন, “সবাই বলেছে আমাকে আমার প্রাপ্য সাদরে গ্রহণ করা উচিত এবং আমি সেটাই করেছি। কিন্তু এটা ভালবাসাহীন উত্তরাধিকার।” দাতব্য কর্মসূচিতে আগ্রহের ব্যাপারে ম্যারিনা বলেন, “এরকম বিখ্যাত একটি নাম বহন করা আমার জন্য সত্যিই কঠিন। আমাকে এক সময় কঠিন দারিদ্রের মধ্যে বসবাস করতে হয়েছে ”।

“আমার মনে হয় এ কারণে আমার মধ্যে মানবিক গুনের বিকাশ ঘটেছে এবং আমি অন্যদের সাহায্য করতে চাই।”

পিতামহকে নিয়ে ম্যারিনার এই ক্ষোভের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পিকাসোর আরেক নাতি অলিভার উইডমিয়ের পিকাসো (পিকাসোর উপপত্নি ম্যারি-তেরেসা ওয়াল্টারের বংশধর) বলেন, “আমাদের সত্যবাদী হওয়া প্রয়োজন। ম্যারিনার জীবনের খারাপ সময়ের জন্য পিকাসো দায়ী নন। বরং ম্যারিনার মা অনেক বেশি দায়ী।

পিকাসোর আশঙ্কা ছিল ম্যারিনার মার হাতে টাকা দিলে তিনি সেটা তার সন্তানদের পেছনে খরচ না করে অন্যভাবে উড়িয়ে দেবেন। এ কারণ পিকাসো তাদের স্কুলে সরাসরি খরচ পাঠিয়ে দিতেন।”

ম্যারিনার চিত্রকর্ম বিক্রি করে দেয়ার খবর শুনে হতবাক অলিভার আরো বলেন, “চিত্রকর্মগুলোর মালিকরা সবসময় বড় ডিলারদের মাধ্যমে সেগুলো বিক্রি করে। পিকাসোও এটা করতেন। কারণ, বড় ডিলাররা বাজার এবং ক্রেতাদের সম্পর্কে ভালভাবে জানে এবং উল্টা-পাল্টা কিছু হওয়া রোধ করতে পারে।”

ম্যারিনার পাঁচ সন্তানের মধ্যে তিনজন ভিয়েতনাম থেকে দত্তক নেয়া। গত বছর প্যারিসসহ ফ্রান্সের আরো বেশ কয়েটি স্থানে হাসপাতাল নির্মাণের জন্য ১৫ লাখ ইউরো দান করেন ম্যারিনা।

ম্যারিনা বলেন, “আমি এখন বর্তমানে আছি। অতীত এখন অতীত। কিন্তু অতীতকে আমি কখনো ভুলতে পারবো না, কখনও না। আমি আমার পিতামহ ও তার শিল্পকর্মের ধরণকে শ্রদ্ধা করি। আমি তার নাতনি এবং তার উত্তরাধিকার। কিন্তু কখনই নাতনি হিসেবে তার হৃদয়ে জায়গা করে নিতে পারিনি।”