২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আম আদমিই থাকতে চাই’

দিল্লির বিধানসভার নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) বিপুল বিজয়ের পর নিজ সমর্থকদের অহংকারী না হতে সতর্ক করেছেন দলীয় প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 01:27 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

মঙ্গলবার বিজয়ী ভাষণে তিনি পাটি সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলেন বলে বুধবার জানিয়েছে এনডিটিভি।

এএপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দেয়া ওই ভাষণে কেজরিওয়াল বলেন, “অহংকারী হওয়া যাবে না। অহংকারের কারণেই কংগ্রেস ও বিজেপি পরাজিত হয়েছে। দিল্লি’র জন্য আমাদের অনেক কাজ করতে হবে।”

দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে এএপি ৬৭টি আসনে বিজয়ী হওয়ার পর ৪৬ বছর বয়সী সাবেক আয়কর কর্মকর্তা কেজরিওয়াল এসব কথা বলেন।

“দিল্লিবাসী যা দেখালো তা নিঃসন্দেহে দর্শনীয়। কিন্তু দিল্লিবাসী আমাদের যে ধরনের সমর্থন দিয়েছে তাতে অনেক ঝুঁকিও আছে,” বলেন তিনি।

এর আগে মঙ্গলবার সকালে এএপি যখন বিশাল বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে তখন নিজের কর্মসূচী সম্পর্কে কেজরিওয়াল বলেছিলেন, “এ জয় জনতার। ঘুষ বন্ধ করাই হবে আমার প্রথম কাজ।”

দ্বিতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ফিরলেন কেজরিওয়াল। এক বছর আগে মাত্র ৪৯ দিনের মাথায় মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে তুমুল সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার ক্ষমা চাওয়ার পাশাপাশি সিদ্ধান্তটি সঠিক ছিল না বলেও স্বীকার করে নিয়েছিলেন।

মঙ্গলবারের ফলাফল বলে দিচ্ছে বিজেপি তাকে “পলায়নপর মুখ্যমন্ত্রী” বলে ডাকলেও দিল্লিবাসী তাকে ক্ষমা করে দিয়েছেন।

এ বিষয়ে কেজরিওয়াল বলেছেন, “আমরা জানতাম জনতা আমাদের সঙ্গে আছেন, তাই আমার কোনো ভয় ছিল না।”

গত বছর নিরাপত্তা কর্মীদের ছোট একটি দল নিয়ে থাকলেও দুর্নীতিবিরোধী আন্দোলন কর্মী থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া কেজরিওয়াল এবার কোনো নিরাপত্তা কর্মী নেবেন না বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, “আমি জনতার মুখ্যমন্ত্রী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং দুর্নীতি ও ভিআইপি সংস্কৃতি বন্ধ করবো বলেছি। আমি একজন আম আদমি (সাধারণ মানুষ), আম আদমিই থাকতে চাই।”

দুর্নীতিবিরোধী আন্দোলনের সাবেক সহকর্মী, নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি’র মুখ্যমন্ত্রী প্রার্থী কিরণ বেদী সম্পর্কে কেজরিওয়াল বলেছিলেন, “কিরণ বেদী সম্পর্কে আমি রূঢ় কোনো মন্তব্য করবো না।”

নির্বাচনী প্রচারণা চলাকালীন পুরোটা সময় বেদী সম্পর্কে একটিও কটু কথা বলেননি তিনি। গত মাসে বেদী বিজেপিতে যোগ দেয়ার পর বলেছিলেন, “খুব দারুণ একজন নারী, কিন্তু ভুল দলে যোগ দিয়েছেন।”

পুরনো খবর:

দিল্লি নির্বাচন: দ্বিগুণ শক্তি নিয়ে ফিরলেন কেজরিওয়াল