ইয়েমেনে যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ হল
আল কায়েদার বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অন্যতম ক্ষেত্র ইয়েমেনে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন।
মঙ্গলবার ইয়েমেনের যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরা ও ওয়াশিংটনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দূতাবাসটি বন্ধ করে দেয়া হয়েছে।
ইয়েমেনের একটি বিদ্রোহী গোষ্ঠি দেশটির রাজধানী সানা দখল করে নিয়েছে।
ইয়েমেন দূতাবাস বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি কোনো কথা বলতে রাজি হননি। তবে দূতাবাসটির কর্মীর সংখ্যা ধাপে ধাপে কমিয়ে আনা হচ্ছে এবং নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা পাবে বলে উল্লেখ করেছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেছেন, “আমরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।”
গত সেপ্টেম্বরে ইরান-সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী শিয়া মুসালিম গোষ্ঠি হুতি’র যোদ্ধারা রাজধানী দখল করে নেয়। এক মাস আগে তারা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি ও তার সরকারকে পদত্যাগে বাধ্য করে।
কয়েক বছর ধরে চলা তীব্র রাজনৈতিক সঙ্কটের পর আঞ্চলিক, রাজনৈতিক, গোষ্ঠিগত ও সম্প্রদায়গত হানাহানিতে বিভক্ত হয়ে পড়া ইয়েমেন এখন পূর্ণমাত্রার গৃহযুদ্ধের ঝুঁকির মধ্যে রয়েছে।
বিশ্বের শীর্ষ তেল রপ্তানীকারী দেশ সৌদি আরবের সঙ্গে দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। ইয়েমেনের পরিস্থিতি সৌদি আরবের জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরব উপদ্বীপের আল কায়েদার ঘাঁটি ইয়েমেনে। সুন্নি জঙ্গিগোষ্ঠি আল কায়েদার অন্যতম সক্রিয় অংশ এই শাখাটি। এই জঙ্গিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ড্রোন অভিযান পরিচালনা করে আসছে যুক্তরাষ্ট্র।
সানার যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তায় প্রায় ১০০ জন মেরিন সেনার একটি কন্টিজেন্ট মোতায়েন আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। এছাড়া দূতাবাস কর্মীদের জরুরী ভিত্তিতে সরিয়ে নেয়ার জন্য ইয়েমেনে উপকূলের লোহিত সাগরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর উভচর যুদ্ধ জাহাজ ইউএসএস আইয়ো জিমা অপেক্ষা করছে বলে জানিয়েছেন আরেক কর্মকর্তা।
